Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে, নতুন পথ খুঁজছে বাংলাদেশ
    অর্থনীতি

    ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে, নতুন পথ খুঁজছে বাংলাদেশ

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 15, 2026নভেম্বর 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বাড়ছে, সুদের খরচও কমছে না। এমন বাস্তবতায় সরকারি ঋণ ব্যবস্থাপনার কৌশল নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু হচ্ছে আজ রোববার (১৫ নভেম্বর)। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনের এই সম্মেলন হবে কক্সবাজারের একটি পাঁচতারা হোটেলে।

    ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যের এই দুই দিনের আয়োজনের নাম ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’। সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শেষ হবে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর)।

    অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশে এটিই প্রথম আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলন। এতে দেশি-বিদেশি নীতিনির্ধারক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও পেশাজীবীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা নিজেদের দেশের অভিজ্ঞতা তুলে ধরবেন।

    সম্মেলনের পেছনে রয়েছে কয়েকটি স্পষ্ট অর্থনৈতিক বাস্তবতা। সরকারি ঋণের পরিমাণ বেড়েছে। বাজেটের বড় একটি অংশ চলে যাচ্ছে ঋণ পরিশোধে। ডলারের বিনিময় হার ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারে ঋণের সুদহারও চড়া। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করার চ্যালেঞ্জ।

    সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্যে বিপুল বিনিয়োগ দরকার। শুধু প্রচলিত বৈদেশিক ঋণের ওপর ভর করে সেই চাহিদা মেটানো কঠিন। তাই অর্থায়নের বিকল্প উৎস তৈরি এবং দেশীয় পুঁজিবাজারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

    অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ঋণ ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে কিছু পদক্ষেপ আগেই নেওয়া হয়েছে। এর মধ্যে আছে মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, নিয়মিত ঋণ টেকসই বিশ্লেষণ এবং সরকারি ঋণবিষয়ক বুলেটিন প্রকাশ। চলতি অর্থবছরে বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রকাশের প্রস্তুতিও চলছে।

    সম্মেলনে আলোচনার আরেকটি বড় বিষয় হতে পারে সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য আলাদা একটি দপ্তর গঠন। এখন ঋণ নেওয়া, পরিশোধ করা, ঝুঁকি যাচাই ও ব্যবস্থাপনার দায়িত্ব একাধিক প্রতিষ্ঠানে ভাগ হয়ে আছে। আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে এসব কাজকে কীভাবে আরও সমন্বিত ও কার্যকর করা যায়, তা খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা।

    আরেকটি লক্ষ্য হলো দেশের সরকারি বন্ডবাজারে বিদেশি বিনিয়োগকারীদের টেনে আনা। স্থানীয় মুদ্রায় ছাড়া সরকারি সিকিউরিটিজে বিদেশিদের আগ্রহ বাড়াতে হলে বাজারে তারল্য বাড়ানো, লেনদেন নিষ্পত্তির অবকাঠামো উন্নত করা, বৈদেশিক মুদ্রায় রূপান্তরের সুযোগ নিশ্চিত করা এবং নীতিতে পূর্বানুমানযোগ্যতা আনা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক সিকিউরিটিজ নিষ্পত্তি প্ল্যাটফর্ম ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিমের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও কাজ করছে বাংলাদেশ।

    জেপি মরগানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচক জিবিআই-ইএমে অন্তর্ভুক্ত হওয়াকেও বিদেশি বিনিয়োগ টানার একটি সুযোগ হিসেবে দেখছে অর্থ বিভাগ। সম্মেলনে এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় মুদ্রার বন্ডবাজারকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও সহজ করার উপায় নিয়ে আলোচনা হবে।

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত ঋণের বাইরে অর্থ সংগ্রহের নতুন পথও সম্মেলনে গুরুত্ব পাবে। সম্ভাব্য বিকল্পের তালিকায় আছে সার্বভৌম সুকুক, গ্রিন বন্ড, ব্লু বন্ড, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত বন্ড, সার্বভৌম ইউরোবন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্স। অবকাঠামো খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ একসঙ্গে আনার পাশাপাশি ঝুঁকি ভাগাভাগির কৌশলও আলোচনায় থাকবে।

    ব্লেন্ডেড ফাইন্যান্সে উন্নয়ন সহযোগীদের অর্থ ও বেসরকারি বিনিয়োগ মিলিয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করা যায়। তবে এতে সরকারি গ্যারান্টিসহ নানা দায় তৈরি হতে পারে। ভবিষ্যতে সেই দায় সরকারের ওপর কী ধরনের আর্থিক ঝুঁকি ডেকে আনবে, তা-ও হিসাবে রাখা জরুরি।

    সম্মেলনের প্রথম দিনে তিনটি অধিবেশন হবে। বিষয় উচ্চ সুদের পরিস্থিতিতে অর্থায়ন কৌশল, স্থানীয় মুদ্রার বন্ডবাজারের উন্নয়ন এবং সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকর্ষণ। দ্বিতীয় দিনে আরও চারটি অধিবেশনে আলোচনা হবে সুকুক ও ইসলামি অর্থায়ন, আইএমএফ ও বিশ্বব্যাংকের নতুন ঋণ টেকসই কাঠামো, ঋণ ব্যবস্থাপনা দপ্তর প্রতিষ্ঠা এবং বিকল্প অর্থায়ন নিয়ে।

    আইএমএফ ও বিশ্বব্যাংকের নতুন ঋণ টেকসই কাঠামো নিয়ে আলোচনা বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই কাঠামোয় শুধু ঋণের অঙ্ক দেখা হয় না। রপ্তানি আয়, রাজস্ব সংগ্রহ, বৈদেশিক মুদ্রার সক্ষমতা ও পরিশোধের সামর্থ্য বিবেচনা করে ঠিক করা হয় ভবিষ্যতে কতটা ঋণ নেওয়া নিরাপদ।

    আইএমএফের ২০২৫ সালের আর্টিকেল ফোর পর্যালোচনার ঋণ টেকসই বিশ্লেষণে বাংলাদেশের সামগ্রিক ও বৈদেশিক ঋণসংকটের ঝুঁকিকে ‘মাঝারি’ বলা হয়েছে। সংস্থাটির মতে, রাজস্ব আয় বাড়াতে, আর্থিক খাতে সংস্কার আনতে এবং সরকারি ঋণের ঝুঁকি সামলাতে ধারাবাহিক পদক্ষেপ দরকার। আইএমএফ আরও উল্লেখ করেছে, দেশের সরকারি সিকিউরিটিজে বিনিয়োগকারীর পরিসর সীমিত এবং ব্যাংক খাতের ওপর নির্ভরতা বেশি।

    অর্থ বিভাগের প্রত্যাশা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য আনা, দেশীয় বন্ডবাজার গড়ে তোলা, বিকল্প অর্থায়নের সুযোগ বাড়ানো এবং ঋণ ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার সুনির্দিষ্ট দিকনির্দেশনা মিলবে। সম্মেলনের সুপারিশ ও আলোচনার ফল সরকারি ঋণ ব্যবস্থাপনার সংস্কারে কাজে লাগানোর আশা করছে বিভাগটি।

    ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার আরেক বড় কারণ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ। গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের বদলে এখন ২০২৯ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ এলডিসি তালিকা ছাড়বে।

    স্বল্পোন্নত দেশ হিসেবে এত দিন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে তুলনামূলক সহজ শর্তে ঋণ পেয়েছে বাংলাদেশ। উত্তরণের পর এই সুবিধার কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। দীর্ঘমেয়াদি কম সুদের ঋণের সুযোগ সংকুচিত হলে উন্নয়ন প্রকল্পের জন্য তুলনামূলক বেশি সুদের অর্থের ওপর নির্ভরতা বাড়তে পারে।

    আইএমএফের ঋণ টেকসই বিশ্লেষণেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদি সহজ শর্তের বৈদেশিক অর্থায়ন কমে আসতে পারে। তাই অভ্যন্তরীণ বন্ডবাজার গড়ে তোলা এবং ঋণের মেয়াদ বাড়ানোর ওপর জোর দিয়েছে সংস্থাটি।

    তবে উত্তরণ মানেই সব উন্নয়ন সহযোগীর সহজ শর্তের ঋণ একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া নয়। ঋণের শর্ত ঠিক করার ক্ষেত্রে মাথাপিছু আয়, পরিশোধের সক্ষমতা এবং সংশ্লিষ্ট ঋণদাতা প্রতিষ্ঠানের নীতিও ভূমিকা রাখে। তবু সহজ শর্তের অর্থায়ন কমলে একই প্রকল্পে বেশি সুদ গুনতে হতে পারে। তাতে ভবিষ্যতে পরিশোধের চাপ আরও বাড়ার আশঙ্কা থাকে।

    এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা হারানোর ঝুঁকিও আছে। ফলে রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার সরবরাহ ও ঋণ পরিশোধের সক্ষমতা ধরে রাখতে অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়বে। এই বাস্তবতায় শুধু ঋণ নেওয়াই যথেষ্ট নয়, সেই ঋণ থেকে অর্থনীতি কতটা সুফল পাচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

    দেশের সরকারি ঋণ ইতিমধ্যে ২২ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। গত ১২ জুলাই জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৫৯ হাজার ৩১১ কোটি টাকা। অর্থাৎ মোট ঋণের বড় অংশই এসেছে দেশের ভেতরের উৎস থেকে।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ঋণের সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদে যাবে ১ লাখ ৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদে ২২ হাজার ৫০০ কোটি টাকা। শুধু সুদ মেটাতেই এত বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন প্রকল্পে খরচের সুযোগ সংকুচিত হচ্ছে।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে চাপের আরেকটি চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে রেকর্ড ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে আসল ২৯৫ কোটি ডলার, সুদ ১৫৪ কোটি ডলার। একই বছরে নতুন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি মিলেছে ৫২৪ কোটি ৩০ লাখ ডলার, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।

    অর্থাৎ একদিকে পুরোনো ঋণের কিস্তি বাড়ছে, অন্যদিকে নতুন ঋণের প্রতিশ্রুতি কমছে। এই পরিস্থিতিতে কোন উৎস থেকে, কত সুদে এবং কত মেয়াদে ঋণ নেওয়া হবে, সেই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ব্যাংক খাতে ঋণে ভারসাম্য, ডলারে ছাড়, রিজার্ভ বাড়াতে নতুন রূপরেখা গভর্নরের

    নভেম্বর 15, 2026
    ব্যাংক

    ব্যাংকের সামাজিক ব্যয়ে বড় ধাক্কা, কমেছে প্রায় ২১ শতাংশ

    নভেম্বর 15, 2026
    অর্থনীতি

    বিশ্বে তুলা আমদানিতে দ্বিতীয় হতে পারে বাংলাদেশ

    নভেম্বর 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.