পল্লী অঞ্চলের অবকাঠামো প্রকল্পে অর্থ জোগাতে ৩ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামি বন্ড (সুকুক) ছাড়ছে সরকার। ১৮২ দিন মেয়াদি এই সুকুকে বিনিয়োগকারীরা বার্ষিক ৭.৫০ শতাংশ হারে মুনাফা পাবেন, যা মেয়াদ শেষে অর্থাৎ ২০২৭ সালের ২ জুন এককালীন পরিশোধ করা হবে। পুরো মেয়াদে মোট মুনাফা দাঁড়াবে ১১২ কোটি ১৯ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, অগ্রাধিকার পাওয়া পল্লী অবকাঠামো প্রকল্পের বিপরীতে ইজারা পদ্ধতিতে (সুকুক আল-ইজারা) এটি ইস্যু করা হবে। আগামী ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের শারিয়াহ সিকিউরিটিজ মডিউলে অনলাইনে নিলাম হবে। বিনিয়োগকারীদের নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডি দিয়ে দর জমা দিতে হবে, আর সফল দরদাতাদের বরাদ্দের তথ্য একই দিন বিকেল ৩টায় জানানো হবে।
বাংলাদেশ ব্যাংকে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব আছে, এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি অংশ নিতে পারবে। এ ছাড়া দেশি-বিদেশি ব্যক্তি, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ ও বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ডও বিনিয়োগ করতে পারবে, তবে তাদের ওই ধরনের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে যেতে হবে। সর্বনিম্ন বিনিয়োগ ১০ হাজার টাকা এবং এর গুণিতকে। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এসআই আইডি খুলতে হবে। সুকুকের প্রসপেক্টাস ও শরিয়াহ ঘোষণা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদন পেয়েছে।

