একটি ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে শুধু ঘরবাড়িই ভাঙে না, থমকে যায় বন্দর, কৃষি, বিদ্যুৎ ও যোগাযোগ। চাপ পড়ে পুরো অর্থনীতিতে। কিন্তু বাংলাদেশের জলবায়ু ঝুঁকির মূল্য কি কেবল দুর্যোগের দিনেই দিতে হয়? বাস্তবতা হলো, ক্ষতি জমছে প্রতিদিন। কখনো মাঠে, কখনো কারখানায়, আবার কখনো শ্রমিকের শরীরে। জলবায়ু পরিবর্তন তাই এখন আর শুধু পরিবেশের সংকট নয়। এটি প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সরকারি ব্যয়ের জন্যও বড় ঝুঁকি।
বিশ্বব্যাংকের হিসাবে, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে বাংলাদেশের বছরে গড়ে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। তীব্র বন্যা হলে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই হিসাব দেখায়, একটি বড় দুর্যোগ পুরো দেশের অর্থনৈতিক গতিকে পিছিয়ে দিতে সক্ষম।
সবচেয়ে সরাসরি আঘাত আসে কৃষিতে। উপকূলে লবণাক্ততা বাড়লে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন কঠিন হয়ে পড়ে। নদীভাঙন ও বন্যায় জমি হারান কৃষক। অনিয়মিত বৃষ্টি ও অতিরিক্ত গরমে কমে যায় ফলন। বিশ্বব্যাংকের ২০২২ সালের বিশ্লেষণ অনুযায়ী, জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে কৃষি খাতের মোট দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশ পর্যন্ত হারানোর আশঙ্কা আছে। কর্মসংস্থানের বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল হওয়ায় এর প্রভাব ছড়িয়ে পড়ে খাদ্যের দাম, গ্রামীণ আয় ও দারিদ্র্যের ওপর।
ঝুঁকি এখন মাঠ ছাড়িয়ে মানুষের কর্মক্ষমতাতেও পৌঁছেছে। বিশ্বব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে অতিরিক্ত গরমের কারণে বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সর্বোচ্চ ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা ওই বছরের জিডিপির প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ। রোদে কাজ করতে না পারা শ্রমিক, অসুস্থ কর্মী কিংবা কমে যাওয়া উৎপাদন, সবকিছুই এই ক্ষতির অংশ।
এর সঙ্গে যুক্ত হয়েছে অবকাঠামোর ঝুঁকি। ২০২৬ সালের এক মূল্যায়নে দেখা গেছে, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততা পরিবহন, জ্বালানি, পানি এবং সামাজিক অবকাঠামোর সেবা ব্যাহত করতে পারে। রাস্তা বা বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে শুধু মেরামতের খরচই বাড়ে না, থমকে যায় ব্যবসা-বাণিজ্যও।
চতুর্থ চাপ তৈরি হচ্ছে মানুষের স্থানান্তরে। বিশ্বব্যাংকের হিসাবে, কৃষির ক্ষতি, পানির সংকট ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে আগামী ৩০ বছরে প্রায় ১ কোটি ৩৩ লাখ মানুষ দেশের ভেতরেই স্থানান্তরে বাধ্য হতে পারেন। গ্রাম থেকে শহরে এই চাপ বাড়লে বাসস্থান, পানি, স্বাস্থ্যসেবা ও কাজের চাহিদা বাড়বে। ফলে স্থানীয় সরকার ও রাষ্ট্রের ব্যয়ও বাড়তে পারে। উপকূলের লবণাক্ত পানি কৃষির পাশাপাশি পানীয় জল ও জীবিকার ওপরও চাপ সৃষ্টি করছে।
এসব হিসাব থেকে স্পষ্ট, বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি কোনো একক দুর্যোগ নয়। কৃষি, শ্রম, অবকাঠামো ও মানুষের জীবিকা, সব ক্ষেত্রেই একসঙ্গে আঘাত আসছে। তাই অভিযোজনে বিনিয়োগ, আগাম সতর্কতা ব্যবস্থা, সহনশীল অবকাঠামো এবং কৃষকের জন্য সহায়তা বাড়ানো এখন জরুরি। জলবায়ুর ক্ষতি ঠেকানো মানে শুধু প্রকৃতি বাঁচানো নয়। এর মাধ্যমে দেশের আয়, কর্মসংস্থান ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিকেও সুরক্ষিত রাখা সম্ভব।
তবে এসব সংখ্যা মূলত বিশ্বব্যাংকের হিসাব ও পূর্বাভাসনির্ভর। প্রকৃত ক্ষতি নির্ভর করবে ভবিষ্যতে নীতিনির্ধারকেরা কত দ্রুত ও কার্যকরভাবে অভিযোজনের পদক্ষেপ নেন, তার ওপর।

