রোববার (১৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, গত মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার অংশ হিসেবে চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও প্রতিনিধি কার্যালয় চালুর পরিকল্পনা রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে শুরু থেকেই সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও উৎপাদনকেন্দ্র হওয়ায় প্রথম বিদেশি কার্যালয়ের জন্য গুয়াংজুকে বেছে নেওয়া হয়েছে। সেখানে চীন ও বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে অভিজ্ঞ পেশাজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা বিনিয়োগকারীদের প্রাথমিক আগ্রহকে বাস্তব প্রকল্পে রূপ দিতে সহায়তা করবেন।
কার্যালয়টির প্রধান প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন মে ঝৌ। প্রতিনিধি ও ব্যবসা উন্নয়ন বিশ্লেষক হিসেবে রয়েছেন ইয়াং ওয়েনচুয়াং। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় তাঁদের প্রত্যেকের এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। বিনিয়োগকারীদের প্রাথমিক যোগাযোগ থেকে প্রকল্প উন্নয়ন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক অনুমোদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সহায়তা করবেন তাঁরা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট এফডিআইয়ের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট বিনিয়োগ এসেছে, যা বাংলাদেশের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। শীর্ষে ছিল নেদারল্যান্ডস, যার অবদান ছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ।
চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদারে এর আগে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের মাধ্যমে কাজ করেছে ইনভেস্ট বাংলাদেশ। গুয়াংজু কার্যালয়ের মাধ্যমে এসব উদ্যোগের ধারাবাহিকতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাঁদের আগ্রহকে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেবে সংস্থাটি।

