আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল থাকলেও এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। শক্তিশালী মার্কিন ডলার এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশায় চাপের মুখে রয়েছে মূল্যবান এই ধাতু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩ হাজার ৮৫৬ দশমিক ৫২ ডলার। গ্রিনিচ মান সময় ০০টা ২৮ মিনিটে স্পট মার্কেটে এ দাম প্রায় অপরিবর্তিত ছিল। এর আগে সোমবার স্বর্ণের দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ, প্রতি আউন্স ৩ হাজার ৮৫৯ ডলারে দাঁড়িয়েছে।
উচ্চ সরকারি বন্ডের মুনাফা, ডলারের শক্তিশালী অবস্থান এবং কঠোর মুদ্রানীতির প্রত্যাশা স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। গত সোমবার মার্কিন ডলার ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। গত সপ্তাহের শক্তিশালী মূল্যস্ফীতির তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সুদের হারসংক্রান্ত কঠোর বক্তব্য ডলারের অবস্থান আরও শক্তিশালী করেছে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা থাকে। তবে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার সুযোগব্যয় বৃদ্ধি পায়। কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
শিকাগো মারকেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ সূচকের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে—এমন সম্ভাবনা দেখছেন বাজারের ৯৬ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী। ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ৩ দশমিক ৪ শতাংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ সোমবার বলেন, উদীয়মান প্রযুক্তি ভবিষ্যতে অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে এর ফলাফল নির্ভর করবে বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা কতটা বাস্তবায়িত হয় তার ওপর। প্রযুক্তিগত বিনিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পারে। আবার প্রত্যাশিত মুনাফা না এলে বেকারত্ব বৃদ্ধি এবং অর্থনৈতিক গতি কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ২৭-২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর দিকে। বুধবার এটি প্রকাশিত হওয়ার কথা। সেখান থেকে ভবিষ্যৎ সুদের হার নির্ধারণের বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়ার অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্টরা।
অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন নীতিনির্ধারক হাজিমে তাকাতা। তাঁর মতে, মূল্যস্ফীতির বাড়তি ঝুঁকি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের উচিত দ্রুত সুদের হার এমন পর্যায়ে নেওয়া, যা অর্থনীতির জন্য উপযুক্ত। তাঁর বক্তব্যে আগামী ডিসেম্বরেই সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে।

