নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আওতা বাড়াতে সিলেট ও বগুড়ায় আরও ৪০ হাজার পারিবারিক কার্ড বরাদ্দের প্রস্তাব দিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রস্তাবটি অনুমোদন পেলে বর্তমান এক কোটি পরিবারের লক্ষ্যমাত্রার বাইরে আরও পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাসসকে এ তথ্য জানান টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ। তিনি বলেন, বগুড়া নতুন সিটি করপোরেশন হওয়ায় এবং সিলেটের নগর এলাকার প্রয়োজন বিবেচনায় অতিরিক্ত কার্ডের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তবে এ বরাদ্দ এখনো অনুমোদিত হয়নি।
টিসিবির চেয়ারম্যান জানান, বর্তমানে এক কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে প্রায় ৮০ লাখ কার্ড বিতরণ করা হয়েছে। বাকি প্রায় ২০ লাখ কার্ড বিতরণের কাজ চলছে। অবশিষ্ট কার্ড দ্রুত বিতরণ করতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য পরিবার চিহ্নিত করে কার্ড বিতরণে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতাও চাওয়া হয়েছে।
কার্ড বিতরণে অনিয়ম ও একই পরিবারের একাধিক সদস্যের নামে কার্ড থাকা ঠেকাতে উপকারভোগীদের তথ্য যাচাই করছে টিসিবি। গত বছর ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ও একাধিক নিবন্ধন বাদ দেওয়া হয়েছে। টিসিবির গত ১৫ অক্টোবরের তথ্য অনুযায়ী, ই-কেওয়াইসি ও জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ ভুয়া ও অযোগ্য আবেদন বাদ দেওয়া হয়েছে।
তবে শুধু ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে সব অনিয়ম ঠেকানো সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। বর্তমানে প্রায় ৮০ লাখ কার্ডধারীর সবার তথ্য সরেজমিনে যাচাই সম্পন্ন হয়নি। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকারভোগীদের যোগ্যতা যাচাই করছে। অন্যদিকে, টিসিবির আঞ্চলিক কার্যালয়গুলো নমুনাভিত্তিক যাচাই চালাচ্ছে। প্রকৃত নিম্ন আয়ের পরিবারকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং সরকারি ভর্তুকির সুবিধা যথাযথভাবে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।

