চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে কৃষি ও পল্লী খাতে ১০ হাজার ৮৩৬ কোটি ৯৭ লাখ টাকার ঋণ বিতরণ করেছে দেশের ৫৮টি ব্যাংক। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিতরণ বার্ষিক লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকার ১৮ দশমিক ০৬ শতাংশ। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ঋণ বিতরণ বেড়েছে ২৭ দশমিক ৬৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণ হয়েছিল ৮ হাজার ৪৮৯ কোটি ৪৭ লাখ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিতরণ বেড়েছে ২ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ টাকা। ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। মোট বিতরণের প্রায় ৪২ শতাংশ এসেছে এ খাত থেকে। বিশেষায়িত ব্যাংকগুলোর অংশ প্রায় ৩০ শতাংশ।
ঋণ বিতরণ বাড়লেও এ খাতে খেলাপি ঋণের পরিমাণ এখনো উল্লেখযোগ্য। সেপ্টেম্বর শেষে কৃষি খাতে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯ হাজার ৫৬২ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এক বছরে শ্রেণিকৃত ঋণ কমেছে ৫ দশমিক ১৭ শতাংশ। একই সময়ে মেয়াদোত্তীর্ণ ঋণও প্রায় ৩ শতাংশ কমে ২১ হাজার ৪৫৫ কোটি ৮৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।
প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ বিতরণ কম হলেও বছর শেষে লক্ষ্য অর্জন সম্ভব বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কৃষি ঋণ মূলত ফসলের মৌসুমের সঙ্গে সম্পর্কিত। তাই বছরের প্রতিটি প্রান্তিকে সমান হারে ঋণ বিতরণ হয় না। গত ২০২৫-২৬ অর্থবছরে ৩৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকগুলো ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা বিতরণ করেছিল, যা লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮৩ শতাংশ। এবারও লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিশেষ পুনঃঅর্থায়ন কর্মসূচিতে ঋণ ছাড়ের গতি ধীর। ১০ হাজার কোটি টাকার কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা কর্মসূচি থেকে গত ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ার জন্য ৩ হাজার কোটি টাকার কর্মসূচি থেকে বিতরণ হয়েছে ৪৯ কোটি টাকা। আর গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ১ হাজার কোটি টাকার কর্মসূচি থেকে তখন পর্যন্ত কোনো ঋণ বিতরণ হয়নি।

