বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে নতুন করে সহায়তার পরিধি বাড়াচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক। সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা নিয়ে আরও পাঁচটি প্রকল্পে লেনদেনসংক্রান্ত পরামর্শ সেবা দেবে সংস্থাটি। এর ফলে পুরো কর্মসূচির সম্ভাব্য উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। পাশাপাশি বেসরকারি খাত থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশীয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে, নতুন উদ্যোগটি আগে থেকে চলমান ১৩০ মেগাওয়াটের সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পকে ভিত্তি করে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে কর্মসূচির আওতায় থাকবে ছয়টি প্রকল্প। এর মাধ্যমে আমদানি করা জ্বালানির ওপর বাংলাদেশের নির্ভরতা কমানো এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, আরও নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। তাঁর মতে, প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা বাড়ানো গেলে পরিচ্ছন্ন জ্বালানি খাতে প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি ও দক্ষতা আকর্ষণ করা সম্ভব হবে।
এই পরামর্শ সেবা দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার ঢাকায় এশীয় উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সরকার ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৪০ সালের মধ্যে এই হার ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। নতুন কর্মসূচির পরামর্শ সেবা এসব লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচির প্রথম ধাপে ফেনী জেলার ১৩০ মেগাওয়াটের সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকল্পটির সঙ্গে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থা থাকবে। এ প্রকল্পের দরপত্র চলতি বছরের মধ্যেই আহ্বান করা হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির আওতায় এটিই প্রথম প্রকল্প। পরবর্তী দুই ধাপে থাকা আরও পাঁচটি প্রকল্প কীভাবে কাঠামোবদ্ধ ও ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করা হবে, সোনাগাজী প্রকল্পের অভিজ্ঞতা সেখানেও কাজে লাগানো হবে।
নতুন দায়িত্বের আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে আরও পাঁচটি প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযোগিতা যাচাইয়েও সহায়তা করবে। এর মাধ্যমে সম্ভাব্য প্রকল্পস্থল নির্বাচন থেকে শুরু করে বিনিয়োগ আকর্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

