দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কারখানার অবস্থান অনুযায়ী আলাদা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা। বর্তমানে সব ইপিজেডে একই মজুরিকাঠামো চালু আছে। নতুন প্রস্তাবে মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা থেকে ১৬ হাজার ৬০৫ টাকার মধ্যে রাখার কথা বলা হয়েছে।
গত সপ্তাহে বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) সভাপতি শাহদাৎ মোশাররফ খান বেপজার নির্বাহী চেয়ারম্যানের কাছে প্রস্তাবটি জমা দেন। বেপজিয়ার ঢাকা অঞ্চলের পরিচালক তপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, বেপজা মজুরি প্রস্তাব চাওয়ায় তাঁরা তা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেপজা।
বেপজিয়ার যুক্তি, বড় শহর ও গ্রামীণ এলাকার জীবনযাত্রার ব্যয় এক নয়। বাড়িভাড়া, খাদ্য ও যাতায়াত খরচে উল্লেখযোগ্য ব্যবধান আছে। তাই ইপিজেডগুলোকে ব্যয়ের ভিত্তিতে তিন শ্রেণিতে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, উচ্চ ব্যয়ের ‘এ’ শ্রেণিতে থাকবে ঢাকা, চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেড, যেখানে ন্যূনতম মজুরি হবে ১৬ হাজার ৬০৫ টাকা। মাঝারি ব্যয়ের ‘বি’ শ্রেণিতে থাকবে আদমজী ও কুমিল্লা ইপিজেড, মজুরি ১৫ হাজার ২৫০ টাকা। কম ব্যয়ের ‘সি’ শ্রেণিতে থাকবে উত্তরা, মোংলা ও ঈশ্বরদী ইপিজেড, মজুরি ১৩ হাজার ৫৩০ টাকা। পরিকল্পনাধীন যশোর, পটুয়াখালী ও রংপুর ইপিজেড এবং বেপজার অর্থনৈতিক অঞ্চলও এই কাঠামোর আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব কার্যকর হলে ‘এ’ শ্রেণির তুলনায় ‘বি’ শ্রেণির শ্রমিকেরা মাসে ১ হাজার ৩৫৫ টাকা এবং ‘সি’ শ্রেণির শ্রমিকেরা ৩ হাজার ৭৫ টাকা কম পাবেন। খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা সব অঞ্চলে একই থাকবে, শুধু বাড়িভাড়া ভিন্ন হবে। বেপজিয়া দাবি করেছে, ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী আলাদা মজুরিকাঠামো আছে।
সংগঠনটি ইপিজেডের ভেতরে ও বাইরে একই মজুরিকাঠামোর দাবিও জানিয়েছে। পাশাপাশি বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলেছে। তাদের মতে, ৯ শতাংশ হারে বাড়ানোয় কারখানার পরিচালন ব্যয় বাড়ছে। এতে নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর টেকসই পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।
সাধারণত তৈরি পোশাকশিল্পের মজুরি চূড়ান্ত হওয়ার পর বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে ইপিজেডের মজুরি ঠিক করে বেপজা। ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেডে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ১২ হাজার ৮০০ টাকা, যার মধ্যে মূল মজুরি ৬ হাজার ৯৫০ টাকা। বর্তমানে পোশাকশিল্পের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে মজুরি বোর্ড। সেখানে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষ এখনো কোনো প্রস্তাব দেয়নি। এর মধ্যে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডি গতকাল বলেছে, পোশাকশ্রমিকদের মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত।
মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার বলেন, ইপিজেডের বাইরের শ্রমিকদের জন্য প্রস্তাবিত ৩২ হাজার টাকার চেয়েও বেশি মজুরি ইপিজেডের শ্রমিকদের প্রাপ্য। তাঁর যুক্তি, ইপিজেডের কারখানাগুলো পণ্যের বেশি দাম পায় এবং সরকারের কাছ থেকেও নানা সুবিধা ভোগ করে। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের প্রস্তাবিত মজুরি শ্রমিকেরা কোনোভাবেই মেনে নেবে বলে মনে হয় না। তিনি আরও সতর্ক করেন, মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইপিজেডের মজুরি নির্ধারণের উদ্যোগ নিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হতে পারে।

