দেশের প্রায় ৭০ শতাংশ নারী ও ৫৯ শতাংশ পুরুষ সঞ্চয়কে মূল্যস্ফীতির প্রভাব থেকে রক্ষার জন্য বিনিয়োগ বহুমুখীকরণ সম্পর্কে কিছুই জানেন না। গতকাল প্রকাশিত ‘বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর ফলাফলে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়।
জরিপ অনুযায়ী, দেশের ৬৪ দশমিক ৫০ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে, আর ৩৫ শতাংশ এখনো এর বাইরে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা সংস্থা র্যাপিডের (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) চেয়ারম্যান এম আবদুর রাজ্জাক। তিনি বলেন, সাধারণ মানুষ সুদ ও আসল হিসাব সম্পর্কে মোটামুটি ধারণা রাখলেও মূল্যস্ফীতি কীভাবে ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়, সে বিষয়ে তাদের সচেতনতা নেই। মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশি, অথচ ব্যাংকে আমানতের সুদের হার তার চেয়ে কম, ফলে প্রকৃত সুদহার ঋণাত্মক। তবু গ্রামের নারীরা বোঝেন না যে সঞ্চয় ব্যাংকের বাইরেও বিনিয়োগ করা যায়।
জরিপে দেখা গেছে, ৭৯ শতাংশ নারী ও ৮৬ শতাংশ পুরুষ জানেন, বেশি মুনাফার সঙ্গে বেশি ঝুঁকি থাকে। তবে সুদ ও আসলের বিষয়ে জ্ঞান নারীদের ক্ষেত্রে প্রায় ৬৯ শতাংশ এবং পুরুষদের ক্ষেত্রে ৭৭ শতাংশ। জরিপে লিঙ্গভেদে উল্লেখযোগ্য বৈষম্য ধরা পড়েছে, যার মূল কারণ মোবাইল প্রযুক্তি ও স্বাধীন আয়ে অসম প্রবেশাধিকার। তথ্য অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ নারীর নিজস্ব মোবাইল ফোন নেই, পুরুষদের ক্ষেত্রে ফোন আছে ৮২ দশমিক ৫ শতাংশের।
তিনি আরও বলেন, আর্থিক অন্তর্ভুক্তিতে সবচেয়ে বড় ঘাটতি নারীদের মধ্যে, বিশেষ করে যাদের স্বাধীন আয় নেই, তাদের ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের ব্যবহার তুলনামূলক কম। ব্যাংক হিসাবধারীদের মধ্যে নারীরা বিদেশ থেকে আসা রেমিট্যান্স গ্রহণে ব্যাংকিং চ্যানেলের ওপর অনেক বেশি নির্ভরশীল। ২৬ দশমিক ১ শতাংশ নারী এ কাজে হিসাব ব্যবহার করেন, পুরুষদের ক্ষেত্রে এ হার ১১ দশমিক ৫ শতাংশ, অর্থাৎ ২ দশমিক ৩ গুণ বেশি। অন্যদিকে পুরুষেরা বেতন বা অন্যান্য আয় গ্রহণে ব্যাংক হিসাব বেশি ব্যবহার করেন, ২৯ দশমিক ৬ শতাংশ, নারীদের ক্ষেত্রে যা ১৮ দশমিক ৯ শতাংশ। উভয় লিঙ্গের জন্যই অর্থ সঞ্চয় ও নিরাপদে রাখা হিসাব খোলার প্রধান কারণ। প্রায় ৬২ দশমিক ৭ শতাংশ নারী ও ৫৮ দশমিক ৪ শতাংশ পুরুষ সঞ্চয়ের জন্য হিসাব ব্যবহার করেন, আর নিরাপদে রাখার জন্য করেন ৩৫ দশমিক ৭ শতাংশ নারী ও ৩৬ দশমিক ৫ শতাংশ পুরুষ।
ডিজিটাল আর্থিক সেবার গ্রহণ এখনো সীমিত। ব্যাংক হিসাবধারীদের মাত্র ৮ শতাংশ ডেবিট কার্ড এবং এমএফএস হিসাবধারীদের মাত্র ২১ শতাংশ মোবাইল অ্যাপ ব্যবহার করেন। রাজ্জাক জানান, ৮৩ দশমিক ১ শতাংশ নারী ও ৯০ দশমিক ৩ শতাংশ পুরুষ এমএফএস ব্যবহারকারী প্রধানত টাকা পাঠাতে ও গ্রহণ করতে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেন। বিল পরিশোধ ও অন্যান্য আর্থিক সেবায় ব্যবহার ৪ শতাংশের নিচে। তিনি ভোক্তাদের লেনদেনের জন্য নগদ তুলে না নিয়ে ডিজিটাল ব্যবস্থার ভেতরেই অর্থ রাখতে উৎসাহিত করেন।
বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, গ্রামীণ ব্যাংক শাখায় যেতে দীর্ঘ দূরত্ব ও যাতায়াত খরচ আর্থিক সেবা পাওয়ার পথে বাধা। তিনি জানান, প্রায় ৩৪ শতাংশ এমএফএস ব্যবহারকারী এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দামের সাধারণ ফিচার ফোনে লেনদেন করেন, আর যাদের ফোন নেই তাদের বাড়তি খরচ করে দূরের ব্যাংক শাখায় যেতে হয়। তিনি আরও বলেন, এমএফএস সেবা প্রদানের খরচ কমালেও সেই সাশ্রয় কোথায় হচ্ছে, তা চিহ্নিত করতে আরও বিশ্লেষণ প্রয়োজন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, উচ্চ পরিচালন ব্যয়ের কারণে প্রত্যন্ত এলাকায় প্রচলিত শাখা খোলা কঠিন, তাই গ্রামীণ পর্যায়ে সেবা পৌঁছাতে এজেন্ট ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। তিনি বলেন, আর্থিক সাক্ষরতা বাড়লে হিসাব খোলার প্রবণতা বাড়বে। তিনি নিশ্চিত করেন, কেন্দ্রীয় ব্যাংকের আগামী নীতিমালায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আনার বিষয়ে গুরুত্ব থাকবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক আহসান হাবিব, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ইনচার্জ) শাহানা ফেরদৌসী।

