পরিবেশবান্ধব শিল্পায়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। দেশে লিড (এলইইডি) সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে বেশি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
সম্প্রতি দেশের আরও ১২টি তৈরি পোশাক, টেক্সটাইল ও অ্যাকসেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পেয়েছে। নতুন এই ১২টির মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে।
কাউন্সিলের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্লাটিনাম ক্যাটাগরির কারখানা আছে ১৩৪টি। গোল্ড ক্যাটাগরিতে আছে ১৪৮টি, সিলভারে ১৬টি এবং সার্টিফায়েড ক্যাটাগরিতে ৪টি। অর্থাৎ মোট সনদপ্রাপ্ত কারখানার বড় অংশই সর্বোচ্চ দুটি ধাপে অবস্থান করছে। বিশ্বজুড়ে সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশের। এটি দেশের পোশাক শিল্পের মানের একটি শক্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৭ পয়েন্ট পেয়েছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লাটিনাম ক্যাটাগরিতে সনদ পেয়েছে। প্লাটিনাম সনদ পাওয়া অন্য কারখানাগুলোর মধ্যে আছে গাজীপুরের টোক নগরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, যার পয়েন্ট ৯১। প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড পেয়েছে ৮৮ পয়েন্ট। নারায়ণগঞ্জের কায়েমপুরের এফকেএল প্রিন্টিং বিল্ডিং পেয়েছে ৮৬ এবং গাজীপুরের এল ইউজিন ফ্যাশন লিমিটেড পেয়েছে ৮৫ পয়েন্ট।
এ ছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট নিয়ে প্লাটিনাম সনদ পেয়েছে। কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ডিইপিজেড ওল্ড এরিয়ার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্থার এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড প্রত্যেকে ৮২ পয়েন্ট নিয়ে এই সনদ অর্জন করেছে।
গোল্ড ক্যাটাগরিতে নতুন সনদ পেয়েছে তিনটি কারখানা। এগুলো হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট), চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড (৬৬ পয়েন্ট) এবং টাঙ্গাইলের মির্জাপুরের এক্সপোর্ট বিল্ডিং-২ (৬৪ পয়েন্ট)।
সনদের মানদণ্ডের দিক থেকেও নতুন কারখানাগুলোর মধ্যে ভিন্নতা আছে। কয়েকটি কারখানা লিড বিডি+সি (নিউ কনস্ট্রাকশন) ভার্সন ৪ মানদণ্ডে সনদ পেয়েছে। বাকিগুলো পেয়েছে লিড ও+এম (এক্সিস্টিং বিল্ডিংস) ভার্সন ৪.১ মানদণ্ডে।
সংশ্লিষ্টদের মতে, সবুজ কারখানার সংখ্যা বাড়া বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে পরিবেশবান্ধব শিল্পায়নের অগ্রগতির প্রতিফলন। জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করতে এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৈশ্বিক ক্রেতারা এখন পরিবেশগত মানদণ্ডকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই বাস্তবতায় এই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের অবস্থান আরও শক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে।

