পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের ছয়টি বিষয়ে আপত্তি জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তি, দারিদ্র্যসীমা ও আবাসন ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি। একই সঙ্গে মজুরি বাড়ানোর আগে শিল্পের উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছে তারা। বিজিএমইএর দাবি, গত তিন বছরে দেশে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। চিঠিতে বলা হয়, গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের গবেষণা ও প্রস্তাবনা উপস্থাপন করে সিপিডি। ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের মজুরি নির্ধারণ প্রক্রিয়াতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের গবেষণা উদ্যোগকে স্বাগত জানালেও তথ্য ও হিসাব পদ্ধতির কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বিজিএমইএ।
প্রথম আপত্তি পরিবারের আকার ও উপার্জনক্ষম সদস্যের সংখ্যা নিয়ে। সিপিডি পাঁচটি গবেষণা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে একটি পোশাকশ্রমিক পরিবারের মধ্যক সদস্যসংখ্যা চার এবং উপার্জনক্ষম সদস্য ১ দশমিক ৫৮ জন ধরেছে। বিজিএমইএর মতে, মধ্যকের বদলে গড় হিসাব ব্যবহার করলে বিভিন্ন গবেষণার তথ্য আরও যথাযথভাবে প্রতিফলিত হতো। সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, সিপিডির নিজস্ব ২০২৩ সালের পোশাকশ্রমিক জরিপে পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ৩ দশমিক ৭ জন, আর উপার্জনক্ষম সদস্য ছিলেন দুজন। অথচ তিন বছরের ব্যবধানে নতুন গবেষণায় সদস্যসংখ্যা বেড়ে চার এবং উপার্জনক্ষম সদস্য কমে ১ দশমিক ৫৮ হয়েছে। এই পরিবর্তনের কারণ স্পষ্ট হওয়া দরকার বলে সংগঠনটির বক্তব্য।
এ প্রসঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য তুলে ধরেছে বিজিএমইএ। জরিপ অনুযায়ী, দেশে পরিবারের গড় সদস্যসংখ্যা ২০০৪ সালে ছিল ৪ দশমিক ৬৬, ২০১১ সালে ৪ দশমিক ৩৫ এবং ২০২৩ সালে ৩ দশমিক ৯৬। জাতীয় পর্যায়ে পরিবারের আকার কমার এই প্রবণতার মধ্যে পোশাকশ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বাড়ার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠনটি।
দ্বিতীয় আপত্তি শুধু ঢাকার ব্যয়কে ভিত্তি ধরা নিয়ে। সিপিডির প্রস্তাবে ঢাকা শহর এলাকার উচ্চ দারিদ্র্যসীমাকে ভিত্তি করে পুরো পোশাকশিল্পের মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। বিজিএমইএর মতে, ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ (এইচআইইএস) অনুযায়ী ঢাকা শহরে জীবনযাত্রার ব্যয় তুলনামূলক বেশি। তাই শহর ও গ্রামাঞ্চলের গড় ব্যয় বিবেচনা করাই যৌক্তিক হতো। সংগঠনটির দেওয়া তথ্যে ঢাকা গ্রামাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা ৪ হাজার ২৩৪ টাকা এবং শহর ও গ্রামাঞ্চলের গড় ৪ হাজার ৫৭৮ টাকা। তাদের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে ঢাকা শহর এলাকার কারখানা থেকে মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ এসেছে। বাকি ৯১ শতাংশ এসেছে অন্য এলাকা থেকে। কারখানার অবস্থান ও রপ্তানিতে অবদান বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ হিসাব তৈরির প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
তৃতীয় আপত্তি আবাসন ব্যয় নিয়ে। বিজিএমইএ বলছে, সিপিডি অ্যানকার পদ্ধতি অনুসরণ করে এইচআইইএস-২০২২-এর ৪০তম পার্সেন্টাইল অনুযায়ী খাদ্য ব্যয়ের শূন্য দশমিক ৮৬৬৭ গুণ ধরে খাদ্যবহির্ভূত ব্যয় হিসাব করেছে। এর সঙ্গে আবার অতিরিক্ত ১০ হাজার টাকা আবাসন ব্যয় যোগ করা হয়েছে। অথচ এইচআইইএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসনসহ অন্যান্য খরচ রয়েছে। ফলে একই খরচ দুইবার গণনা হওয়ার আশঙ্কা আছে বলে সংগঠনটির যুক্তি। এ বিষয়ে সিপিডির হিসাব পদ্ধতি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে।
চতুর্থ ও পঞ্চম আপত্তি আগের মজুরি বৃদ্ধি এবং অন্যান্য গ্রেড নিয়ে। বিজিএমইএর মতে, ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরিকে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করা হলেও পরবর্তী সময়ের বার্ষিক ইনক্রিমেন্ট হিসাবে ধরা হয়নি। বিশেষ করে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকারের নির্ধারিত ৯ শতাংশ ইনক্রিমেন্ট হিসাবে থাকা প্রয়োজন ছিল। এ ছাড়া সিপিডির প্রস্তাবে শুধু এন্ট্রি গ্রেডের মজুরি নিয়ে আলোচনা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত অন্যান্য গ্রেডের মজুরির সুস্পষ্ট মূল্যায়ন না থাকায় পুরো মজুরি কাঠামো নিয়েই প্রশ্ন থেকে গেছে বলে সংগঠনটি মনে করে।
ষষ্ঠ আপত্তি শিল্পের সামগ্রিক সক্ষমতা ও প্রতিযোগিতা নিয়ে। বিজিএমইএর দাবি, গত তিন বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ, আর রপ্তানি পণ্যের দাম কমেছে ২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং রপ্তানি প্রণোদনা কমেছে প্রায় ৭০ শতাংশ। এসব চাপের মধ্যেই ২৮৭টি কারখানা বন্ধ হয়েছে, আর আরও অনেক কারখানা আর্থিক ঝুঁকিতে আছে।
আন্তর্জাতিক তুলনাও তুলে ধরেছে সংগঠনটি। তাদের হিসাবে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে ভারতে বেড়েছে ৫৯ শতাংশ, ভিয়েতনামে ৫৪ শতাংশ এবং কম্বোডিয়ায় ৫০ শতাংশ। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিনিয়োগ কমে যাওয়া, নীতির অস্থিরতা ও ঋণের উচ্চ সুদকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে বিজিএমইএ।
সংগঠনটির আশঙ্কা, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশ বিদ্যমান বাণিজ্যসুবিধা হারাতে পারে। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ১০ থেকে ২০ শতাংশ শুল্কের চাপও রপ্তানিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এ অবস্থায় মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের আগে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি উৎপাদন খরচ, রপ্তানি বাজারের পরিস্থিতি ও প্রতিযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অবস্থান বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
চিঠিতে সিপিডির কাছে উত্থাপিত বিষয়গুলোর ব্যাখ্যা ও মতামত চাওয়া হয়েছে। একই সঙ্গে শ্রমিকের কল্যাণ ও পোশাকশিল্পের টেকসই সক্ষমতা নিশ্চিত করতে একটি স্বচ্ছ, যৌক্তিক ও তথ্যনির্ভর মজুরি কাঠামো তৈরিতে সিপিডির সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
এই বিতর্কে দুই পক্ষের অবস্থান স্পষ্ট। একদিকে শ্রমিকের জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতা, অন্যদিকে শিল্পের ব্যয়চাপ ও প্রতিযোগিতার প্রশ্ন। তাই মজুরি কাঠামো ঠিক করতে তথ্য ও হিসাব পদ্ধতির স্বচ্ছতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এসব এখনো বিজিএমইএর পক্ষ থেকে তোলা আপত্তি ও দাবি। সিপিডির জবাবের অপেক্ষায় আছে সংশ্লিষ্ট মহল।

