Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশের সমান অর্থ যাচ্ছে ঋণ ও সুদ পরিশোধে
    অর্থনীতি

    রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশের সমান অর্থ যাচ্ছে ঋণ ও সুদ পরিশোধে

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    সরকারের ঋণের বোঝা বাড়লেও সেই তুলনায় বাড়ছে না রাজস্ব আয়। ফলে দেশি-বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধ করতে গিয়ে সরকারের আর্থিক সক্ষমতা ক্রমেই সংকুচিত হচ্ছে। প্রশাসনিক ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ বরাদ্দের সুযোগও সীমিত হয়ে পড়ছে। এমনকি পুরনো ঋণের দায় মেটাতেও নতুন করে ঋণ নিতে হচ্ছে সরকারকে।

    আন্তর্জাতিক ঋণ মূল্যায়নে বাংলাদেশের ঝুঁকির মাত্রা নিম্ন থেকে মধ্যম পর্যায়ে পৌঁছেছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সরকারি ঋণের পরিমাণ এখনো ঝুঁকিসীমার নিচে থাকলেও দুর্বল রাজস্ব কাঠামোর কারণে ঋণ পরিশোধের সক্ষমতা কমছে।

    বিশ্বব্যাংকের নভেম্বর ২০২৬-এর বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থা পর্যালোচনাবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের ঋণ-জিডিপি অনুপাত দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে দেশের জিডিপির আকার ছিল ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। বিশ্বব্যাংকের হিসাবে একই সময়ে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২৪ লাখ ৭৮ হাজার ৬৮৫ কোটি টাকায়। তবে এতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ অন্তর্ভুক্ত নেই।

    ঋণের পরিমাণের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে সুদ পরিশোধের ব্যয়। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় করত সরকার। ২০২৫-২৬ অর্থবছরে এই হার বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রক্ষেপণ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশি ও বিদেশি ঋণের আসল এবং সুদ পরিশোধে সরকারের ব্যয় হয়েছে ৩ হাজার ৫৮ কোটি ডলার। প্রতি ডলারের বিনিময় হার ১২৪ টাকা ৭৫ পয়সা ধরে মূল প্রতিবেদনে এর পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ কোটি টাকা।

    অন্যদিকে একই অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকৃত রাজস্ব আহরণ ছিল ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা। অর্থাৎ এনবিআরের মোট রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশের সমপরিমাণ অর্থ ব্যয় হয়েছে ঋণের আসল ও সুদ পরিশোধে।

    অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান জানিয়েছেন, সরকারের ঋণ পরিস্থিতি নিয়ে এখনো তাঁদের কমিটিতে আলোচনা হয়নি। তবে রাজস্ব আয় বাড়ানো না গেলে ভবিষ্যতে আর্থিক সংকট মোকাবিলা কঠিন হতে পারে বলে মনে করেন তিনি।

    বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রেও সরকারের ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। এর মধ্যে আসল বাবদ ২৯৫ কোটি এবং সুদ বাবদ ১৫৪ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

    এর আগের ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল বাবদ ২৬০ কোটি এবং সুদ বাবদ ১৪৯ কোটি ডলার পরিশোধ করা হয়েছিল। সব মিলিয়ে ওই অর্থবছরে পরিশোধের পরিমাণ ছিল ৪০৯ কোটি ডলার। বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ পরিশোধের ব্যয় বেড়েছে ৪০ কোটি ৪০ লাখ ডলার।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ঋণ পরিশোধের চাপ কমেনি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সরকার ১৩৫ কোটি ১২ লাখ ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ৮৬ কোটি এবং সুদ বাবদ ৪৯ কোটি ডলার ব্যয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে পরিশোধের পরিমাণ ছিল ১২৭ কোটি ৯৯ লাখ ডলার।

    জিডিপির তুলনায় ঋণের পরিমাণ কম থাকায় আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর মূল্যায়নে বাংলাদেশ দীর্ঘদিন সুবিধাজনক অবস্থানে ছিল। তবে রপ্তানি আয়ের তথ্য সংশোধনের পর সেই মূল্যায়নে পরিবর্তন আসে।

    ২০২৫ সালের আগস্টে বিশ্বব্যাংক ও আইএমএফের যৌথ ঋণ টেকসইতা বিশ্লেষণ প্রতিবেদনে বাংলাদেশের ঋণঝুঁকি নিম্ন থেকে মধ্যম পর্যায়ে উন্নীত করা হয়। জিডিপির তুলনায় কম রাজস্ব আহরণ এবং অভ্যন্তরীণ ঋণবাজারের সীমিত সক্ষমতাকে ঋণ পরিশোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়।

    আগামী কয়েক বছরে ঋণের দায় আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রক্ষেপণে উঠে এসেছে। আইএমএফের হিসাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশি-বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে সরকারের ব্যয় বেড়ে ৩ হাজার ৩৮৪ কোটি ডলারে পৌঁছাতে পারে।

    অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, চলতি অর্থবছর শেষে সরকারের মোট ঋণ দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকায়। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছর শেষে তা বেড়ে ২৯ লাখ ৫৬ হাজার ৭০০ কোটি এবং ২০২৮-২৯ অর্থবছর শেষে ৩৩ লাখ ৭৭ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। চলতি অর্থবছরের শেষের প্রাক্কলনের তুলনায় ২০২৮-২৯ অর্থবছর শেষে ঋণের পরিমাণ প্রায় ৭ লাখ ৪৪ হাজার ৫০০ কোটি টাকা বাড়তে পারে।

    ঋণের দায় বাড়লেও রাজস্ব আহরণে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম চার মাসে জুলাই-অক্টোবর সময়ে ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল। বিপরীতে এনবিআর আহরণ করেছে প্রায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকায়।

    এ সময়ে আয়কর ও আমদানি পর্যায়ের কর আহরণ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় মূল্য সংযোজন কর আহরণ কমেছে। ফলে ঋণের ক্রমবর্ধমান দায় মেটাতে সরকারের অর্থের প্রয়োজন বাড়লেও রাজস্ব ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। এ ক্ষেত্রে বিশ্বের ১৮৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৪তম। একই অর্থবছরে জিডিপির অনুপাতে মোট রাজস্ব আয়ের হার ছিল ৮ শতাংশ, যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ৮ দশমিক ৬ শতাংশ।

    বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের বর্তমান আয়স্তর বিবেচনায় জিডিপির অনুপাতে রাজস্ব আয় প্রায় ১৫ শতাংশ হওয়া স্বাভাবিক। কিন্তু অর্থনীতির আকার বাড়লেও সেই হারে রাজস্ব আহরণ বাড়েনি।

    কর অব্যাহতি, হ্রাসকৃত করহার এবং কর ফাঁকিকে রাজস্ব আহরণের দুর্বলতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, মূল্য সংযোজন করের সম্ভাব্য আহরণ ও প্রকৃত আয়ের মধ্যে ব্যবধান প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা জিডিপির ১১ দশমিক ৩ শতাংশের সমান। এই ব্যবধানের প্রায় ৭০ শতাংশের জন্য দায়ী নীতিগত কারণে দেওয়া কর অব্যাহতি ও কম করহার। অবশিষ্ট অংশের জন্য দায়ী কর ফাঁকি।

    দেশের মাত্র ৭ শতাংশ মানুষের করদাতা শনাক্তকরণ নম্বর রয়েছে। প্রায় ১ কোটি নিবন্ধিত করদাতার মধ্যে আয়কর দেন মাত্র ৪১ লাখ। প্রত্যক্ষ কর আহরণের ক্ষেত্রে বিশ্বের ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে মাত্র ১৫টি দেশ।

    রাজস্ব সংকটের পাশাপাশি সরকারের ঋণের ব্যয়বহুল কাঠামোও আর্থিক চাপ বাড়াচ্ছে। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ঋণের সুদ পরিশোধে সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৯ হাজার কোটি টাকায়।

    বিশেষ করে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধের ব্যয় বৈদেশিক ঋণের তুলনায় ৬ দশমিক ৬ গুণ বেশি। সরকারি ঋণপত্রের ৭৭ দশমিক ২ শতাংশই ব্যাংকগুলোর হাতে রয়েছে। ফলে সরকারের ঋণ গ্রহণে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ ব্যবহৃত হওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

    অর্থ বিভাগ এখনো ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের ঋণের স্থিতি এবং ঋণ ও সুদ পরিশোধের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত অর্থবছরে ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি প্রকৃত সুদ ব্যয়ও আগের প্রক্ষেপণের তুলনায় অনেক বেড়েছে।

    অর্থ বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের মতে, বাংলাদেশের মূল সমস্যা ঋণের পরিমাণ নয়, বরং পর্যাপ্ত কর ও রাজস্ব আহরণ করতে না পারা। জিডিপির অনুপাতে কর-রাজস্ব আয় ১০ শতাংশ হলেও বর্তমান পরিস্থিতি তৈরি হতো না বলে মনে করেন তিনি। এ কারণে রাজস্ব আহরণ বাড়ানোকে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

    গত ১৬ নভেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ১০ লাখ ৩২৫ কোটি এবং অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য নির্দিষ্টকরণ আইন অনুযায়ী ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

    অর্থনীতিবিদদের মতে, শুধু জিডিপির তুলনায় ঋণের পরিমাণ দিয়ে দেশের আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করা যথেষ্ট নয়। সরকারের ঋণ পরিশোধের সক্ষমতার তুলনায় মোট দায় কতটা বাড়ছে, সেটিই এখন বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঋণ পরিশোধে রাজস্ব আয়ের বড় অংশের সমপরিমাণ অর্থ ব্যয় হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে অর্থায়নের সুযোগ কমে যায়।

    পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা ক্রমেই সংকুচিত হচ্ছে। বিশেষ করে অভ্যন্তরীণ ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ সরকারের রাজস্ব কাঠামোকে দুর্বল করে তুলছে।

    তাঁর মতে, উন্নয়ন ও অন্যান্য প্রয়োজন মেটাতে ঋণ গ্রহণ অর্থনীতির স্বাভাবিক কার্যক্রমের অংশ। তবে রাজস্ব আহরণে উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত আগামী কয়েক বছর নতুন ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারকে সতর্ক ও ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে হবে।

    সব মিলিয়ে রাজস্ব আহরণে দীর্ঘদিনের দুর্বলতা, ক্রমবর্ধমান সুদ ব্যয় এবং নতুন ঋণের ওপর নির্ভরতা সরকারের আর্থিক সক্ষমতার সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। এই পরিস্থিতি মোকাবিলায় রাজস্ব কাঠামোর সংস্কার, কর ফাঁকি প্রতিরোধ এবং ঋণ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২.৩৪ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.