Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের পোশাকের অর্ডার ভারতে সরিয়ে নিচ্ছে বিদেশি ব্র্যান্ড
    অর্থনীতি

    বাংলাদেশের পোশাকের অর্ডার ভারতে সরিয়ে নিচ্ছে বিদেশি ব্র্যান্ড

    নিউজ ডেস্কUpdated:নভেম্বর 28, 2026নভেম্বর 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ অন্য এশীয় দেশে সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। চলতি নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ অন্য দেশে স্থানান্তর করেছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে।

    রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন বাংলাদেশি পোশাক কারখানার মালিকের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিবর্তন দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। চলমান অস্থিরতা দীর্ঘায়িত হলে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘদিনের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে আসছে। এসব কারণে আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকছেন। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের জন্য বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

    বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির হিসাব অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে দেশের পোশাকশিল্পে ৪০০ মিলিয়ন ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই শিল্প থেকে। পাশাপাশি উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও পোশাকশিল্পের ওপর নির্ভরশীল।

    ক্রয়াদেশের বড় অংশ যাচ্ছে ভারতে

    বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। তবে ক্রেতারা সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার ক্ষেত্রে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার এবং সেলিওর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম এসেছে। তবে সংশ্লিষ্ট কারখানার মালিকেরা ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। রয়টার্সের প্রশ্নের জবাবে জারার মালিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স কোনো মন্তব্য করেনি। অন্যদিকে মার্কস অ্যান্ড স্পেন্সার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

    বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, পরিষেবা ও কাঁচামালের ব্যয় বেড়ে যাওয়ায় কারখানাগুলো বাড়তি চাপের মুখে পড়েছে। ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন, তখন উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।

    সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ না করে বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করা হচ্ছে।

    উৎপাদন ব্যয় ও সরবরাহে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

    বাংলাদেশে পোশাকশিল্পের সংকট আরও গভীর হয়েছে জ্বালানি সরবরাহের ঘাটতি এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাবে জ্বালানি সরবরাহে দীর্ঘস্থায়ী সমস্যা তৈরি হয়েছে। এতে কিছু কারখানাকে তুলনামূলক বেশি ব্যয়ে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

    গত বুধবার দেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গত চার দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের দাবি ছিল মজুরি দ্বিগুণেরও বেশি করা। কিন্তু ঘোষিত বৃদ্ধি তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ নিয়ে নতুন করে শ্রমিক অসন্তোষ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

    শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও সংকুচিত হবে। তবে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাকশিল্পের মানদণ্ডে এখনো বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম।

    ক্রেতাদের কাছে এখন পণ্যের দামের পাশাপাশি নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহিউদ্দিন চৌধুরী বলেন, কঠোর সময়সীমার মধ্যে পণ্য সরবরাহের চাপ থাকলে ক্রেতাদের কাছে দাম অপেক্ষা সময়মতো পণ্য পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

    তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারত বাংলাদেশ থেকে প্রায় এক সপ্তাহ কম সময়ে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময় সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত কমাতে পারে। এসব প্রতিযোগী দেশে উৎপাদন থেকে পণ্য সরবরাহ সম্পন্ন করতে সাধারণত ৬০ থেকে ৯০ দিন লাগে। বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন সময় প্রয়োজন হয়।

    ভবিষ্যৎ ক্রয়াদেশ হারানোর আশঙ্কা

    কারখানার মালিকদের বড় উদ্বেগ হলো, বর্তমানে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ব্যবসাও হারাতে পারে বাংলাদেশ। কারণ, চলমান অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক ক্রেতারা নতুন করে পণ্য সংগ্রহের জন্য বিকল্প দেশগুলোর সক্ষমতা যাচাই করছেন।

    উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের কয়েকটি কারখানায় আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে কিছু প্রতিষ্ঠান অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর বিষয়ও বিবেচনা করছে।

    ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডের জন্য পণ্য সরবরাহকারী আলপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, চলমান অস্থিরতার প্রভাব নতুন ব্যবসার ওপরও পড়তে শুরু করেছে। ১ নভেম্বরের পর থেকে তাঁর অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা তাঁদের জানিয়েছেন, কিছু ক্রয়াদেশ অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, কিছু স্থগিত বা বাতিল করা হয়েছে এবং বিকল্প ব্যবস্থা ইতিমধ্যে ঠিক করা হয়েছে।

    এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরী সতর্ক করে বলেছেন, অস্থিরতার সময়ে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।

    তাঁর মতে, সাময়িকভাবে অন্য দেশে স্থানান্তরিত ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য দ্রুত ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। কারণ, অস্থিরতা চলতে থাকলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না; তাদের হাতে বিকল্প উৎপাদনকেন্দ্র রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২.৩৪ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    এক বছরে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫ শতাংশ

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশের সমান অর্থ যাচ্ছে ঋণ ও সুদ পরিশোধে

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.