দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সুবিধা পাবে। নতুন পানির সংযোগ, পাইপলাইন নির্মাণ, পানি শোধনাগার সংস্কার এবং নিম্ন আয়ের মানুষের জন্য শৌচাগার নির্মাণে অর্থ ব্যয় করা হবে।
গত বৃহস্পতিবার এডিবির অনুমোদিত ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’ প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌর এলাকায় কাজ করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাময় অঞ্চলের কাছাকাছি থাকা শহরগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় এনে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন নির্মাণ করা হবে। পাশাপাশি ৬৫ হাজার পরিবারের পানির সংযোগ স্থাপন বা সংস্কার করা হবে। এসব সংযোগে স্মার্ট মিটার বসানো হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্ন আয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের জন্য রাখা হয়েছে।
এ ছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার এবং সরবরাহব্যবস্থার পানির অপচয় শনাক্ত ও কমাতে ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া (ডিএমএ) গড়ে তোলা হবে। বর্তমানে পানি সরবরাহ ব্যবস্থায় অপচয়ের হার ৫০ শতাংশের বেশি। প্রকল্পের লক্ষ্য, ২০৩২ সালের মধ্যে তা ২০ শতাংশের নিচে নামিয়ে আনা। পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান ও গ্রাহকসেবা পর্যবেক্ষণে ডিজিটাল ব্যবস্থাপনাও চালু করা হবে।
পয়োনিষ্কাশন সুবিধা বাড়াতে নিম্ন আয়ের এলাকার জন্য ১ হাজার ২০০টি পারিবারিক শৌচাগার এবং চারটি গণস্যানিটেশন সুবিধা নির্মাণ করা হবে। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ব্যবহারের উপযোগী করে এসব সুবিধা তৈরি করা হবে। গণস্যানিটেশন কেন্দ্রগুলো স্থানীয় নারী বাসিন্দারা পরিচালনা করবেন।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন সুবিধা জনস্বাস্থ্য, মানুষের মর্যাদা এবং উৎপাদনশীল ও দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। প্রকল্পে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি, পরিচালনাগত ও আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পটি ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। এর আওতায় কুমিল্লা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে। এডিবি ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং সেবা পরিচালনার সক্ষমতা বাড়াতে আরও ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকার ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।

