গাজীপুরে কয়েক সপ্তাহের অস্থিরতা ও নিষেধাজ্ঞার পর শনিবার (২৮ নভেম্বর) অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশেও যান চলাচল স্বাভাবিক হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সুপার আমজাদ হোসেন জানান, জেলার ৯৮ শতাংশ কারখানা আজ খোলা রয়েছে। সকাল থেকেই তারাগঞ্জ, বাড়ইবাড়ী, বোর্ড বাজার, হোসেন মার্কেট ও ভোগড়া এলাকায় দলবেঁধে শ্রমিকদের কারখানায় ঢুকতে দেখা যায়।
চন্দনা চৌরাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, দুই মহাসড়কের কোথাও শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তারাগঞ্জ এলাকার দুটি কারখানার শ্রমিকেরা দিকে জানান, কুয়াশাচ্ছন্ন সকালে তারা কাজে যাচ্ছেন এবং তারা আর কোনো আন্দোলন চান না। তাদের মতে, মজুরি বেড়েছে এবং ওভারটাইমসহ ভালো বেতন পাওয়ার আশা করছেন। তবে বাড়িভাড়া যেন অযৌক্তিকভাবে না বাড়ানো হয়, সে দাবিও জানান তারা।
এদিকে শনিবার তারাগঞ্জের কুনিয়া এলাকায় মুনলাইট গার্মেন্টস লিমিটেডের সামনে এবং বোর্ড বাজার এলাকায় এহসান গার্মেন্টস লিমিটেডের সামনে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো হয়েছে। নোটিশে বলা হয়, ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত শ্রমিকদের অবৈধ ধর্মঘটে অংশ নেওয়ার অভিযোগে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করায় মজুরি বোর্ড ও সরকারকে অভিনন্দন জানাতে আজ বিকেলে গাজীপুরে সমাবেশ করবে শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ। সমাবেশে শ্রমিকদের সুরক্ষা, বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারকৃত শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের মুক্তির দাবি জানানো হবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম সমাবেশ ও দাবিগুলো সম্পর্কে এ তথ্য জানান।
সূত্র: প্রথম আলো

