তীব্র শীতের পূর্বাভাস এবং গ্যাসের মজুদ প্রত্যাশার চেয়ে কম থাকায় ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম আবারও বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতার থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং গ্রীষ্মে অতিরিক্ত ব্যবহারের ফলে শীতের জন্য পর্যাপ্ত মজুদ গড়ে না ওঠায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জ্বালানি ব্যয়েও।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ২৩ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, সেদিন ইউরোপের বেঞ্চমার্ক হিসেবে বিবেচিত নেদারল্যান্ডসের টিটিএফ মাসিক ফিউচার চুক্তির দাম একপর্যায়ে ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৯৬ দশমিক ০৮ ইউরোতে ওঠে। পরে দাম ৪ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৫০ ইউরোতে স্থির হয়। এই চুক্তির দাম সাধারণত পরবর্তী চার সপ্তাহের ইউরোপীয় গ্যাসবাজারের প্রবণতা নির্দেশ করে।
ইউরোপের গ্যাস সরবরাহে চাপের পেছনে মধ্যপ্রাচ্যের সংঘাত একটি বড় কারণ। যুদ্ধের কারণে কাতার থেকে গ্যাস রপ্তানি কমেছে। পাশাপাশি চলতি গ্রীষ্মে দীর্ঘ তাপপ্রবাহের সময় শীতাতপনিয়ন্ত্রণ ও শীতলীকরণ ব্যবস্থা চালাতে গ্যাসের ব্যবহার বেড়ে যায়। ফলে শীতের আগে মজুদ প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। বর্তমানে ইউরোপের গ্যাস মজুদকেন্দ্রগুলোতে ধারণক্ষমতার প্রায় ৬৯ শতাংশ গ্যাস রয়েছে, যেখানে এ সময়ে সাধারণত মজুদের পরিমাণ থাকে প্রায় ৮০ শতাংশ।
এদিকে যুক্তরাজ্যের জ্বালানি সরবরাহকারীরা শীতের সবচেয়ে ঠান্ডা সময়েও চাহিদা মেটানোর মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় দেশটির গ্রাহকদের খরচ বাড়ছে। এরই মধ্যে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম জানিয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের জন্য জ্বালানির মূল্যসীমা ২৬ শতাংশ বাড়বে। এতে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারকারী সাধারণ পরিবারের বার্ষিক গড় বিল ১ হাজার ৭২৩ পাউন্ড থেকে বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ড হবে। অর্থাৎ বার্ষিক হিসাবে বাড়তি খরচ দাঁড়াবে ৪৪৩ পাউন্ড। এ হিসাব নির্দিষ্ট মাত্রার জ্বালানি ব্যবহারকারী সরাসরি ব্যাংক হিসাব থেকে বিল পরিশোধকারী পরিবারের জন্য প্রযোজ্য।
বাড়তি ব্যয় সামাল দিতে যুক্তরাজ্য সরকার আগামী জানুয়ারি থেকে ইংল্যান্ডের প্রায় ২ কোটি পরিবারকে এককালীন ১০০ পাউন্ড করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এ অর্থ যথেষ্ট নয় বলে মনে করছে ভোক্তা অধিকারবিষয়ক দাতব্য সংস্থা সিটিজেনস অ্যাডভাইস। সংস্থাটির প্রধান নির্বাহী ক্লেয়ার মরিয়ার্টি সতর্ক করে বলেছেন, অনেক পরিবারের সঞ্চয় ও ব্যয়ের সক্ষমতা আগের সংকটগুলোতেই শেষ হয়ে গেছে। তিনি নিম্ন আয়ের মানুষের জন্য জ্বালানি ভর্তুকি বাড়ানো এবং প্রিপেইড মিটার ব্যবহারকারীদের জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ব্রিটিশ গ্যাসের মালিক প্রতিষ্ঠান সেন্ট্রিকার প্রধান নির্বাহী ক্রিস ও’শিয়া আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী বছরের শুরুতে আরও বেশি মানুষ জ্বালানির বিল পরিশোধে অক্ষম হতে পারেন। ফলে শীতের বাড়তি চাহিদার পাশাপাশি ইউরোপে জ্বালানি ব্যয়ও সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে উঠতে পারে।

