প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে কৃষি খাতকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় নিয়ে যেতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের এই প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ চলছে। এতে বিশ্বব্যাংকের কাছে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রাখা হয়েছে।
দেশে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে কৃষি খাতের অবদান জিডিপির প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে কাজ করছে। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ মানুষের জীবিকার অন্যতম প্রধান ভিত্তিও কৃষি।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারত্ব গড়ে তোলা, কৃষিসেবা ডিজিটাল করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও অন্যান্য অংশীজনের মধ্যে সংযোগ বাড়িয়ে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হচ্ছে। এর সঙ্গে সরকারি কৃষিসেবার জন্য ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত পণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণের (ট্রেসেবিলিটি) ব্যবস্থাও থাকবে।
বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি ২০২৩ সালের জুলাইয়ে বিশ্বব্যাংকের সহায়তায় শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করাই নতুন প্রকল্পের লক্ষ্য।
প্রথম পর্যায়ে প্রকল্পের চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা রয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির ভিত্তিতে এগুলো চূড়ান্ত করা হবে, আর এ জন্য একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’, যার জন্য ২২ কোটি ৫০ লাখ ডলার ব্যয় প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় উপাদান কৃষিসেবায় ডিজিটাল পাবলিক অবকাঠামো, যেখানে প্রস্তাবিত ব্যয় ৭ কোটি ৫০ লাখ ডলার। তৃতীয় উপাদানে খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করতে ৩ কোটি ডলার এবং চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা ও সংস্থাগুলোর সমন্বয়ে ২ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে প্রথম পর্যায়ে প্রস্তাবিত ব্যয় ৩৫ কোটি ডলার। দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি ডলার খরচের পরিকল্পনা আছে।
প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বলেন, অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।

