গুঁড়া দুধ আমদানির জন্য যে পরিমাণ টাকা খরচ হয়, তা দিয়ে দেশে অনেক চিলিং সেন্টার গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “প্রশ্ন হচ্ছে, কেন এসব চিলিং সেন্টার তৈরি হচ্ছে না? এখন সরকারিভাবে চেষ্টা করা হবে। পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে উৎসাহ দিতে হবে।”
শনিবার (২৮ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদিপশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, প্রাণিসম্পদের টিকাদান শুধু রফতানি বা উন্নত মাংস পাওয়ার উদ্দেশ্যে নয়। বরং গরু, ছাগল, হাঁস-মুরগি সবই জীবিত প্রাণী। তাদের অসুখ হলে তারাও কষ্ট পায়। সেই কষ্ট দূর করতেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
ফরিদা আখতার বলেন, “যেসব দেশ থেকে আমরা মাংস আমদানি করি, সেসব দেশে প্রাণীর দুরারোগ্য রোগ দমন করা হয়েছে। আমরাও চাই, দেশের প্রাণিসম্পদ রোগমুক্ত হোক। এ জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”
তিনি আরও জানান, এফএমডি (ক্ষুরারোগ) প্রতিরোধে একটি কার্যকর টিকা আনা হয়েছে, যা আর্জেন্টিনায় পরীক্ষিত। এটি প্রাণীর দেহে ভালো কাজ করছে। এর প্রথম চালান ইতোমধ্যে এসে গেছে। ছয় মাস পর দ্বিতীয় চালান আসবে। এই কার্যক্রম সফল করতে খামারিদের সহযোগিতার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক খামারি অংশ নেন।

