বাংলাদেশ আজ উন্নয়নের এক নতুন অধ্যায়ে পা রাখছে—বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে মেগা প্রকল্প, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন। চোখে পড়ার মতো রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। এই উন্নয়নের চিত্র গণমাধ্যম থেকে শুরু করে সরকারি-বেসরকারি সবখানেই আলোচিত। কিন্তু এই চমকপ্রদ অগ্রগতির আড়ালে যে একটি অন্ধকার অধ্যায় লুকিয়ে আছে, সেটি হলো উন্নয়নের নামে চলমান দুর্নীতির মহোৎসব।
দুঃখজনকভাবে বহু উন্নয়ন প্রকল্পেই বরাদ্দকৃত অর্থের সিংহভাগ চলে যাচ্ছে অনিয়ম, ঘুষ এবং বিভিন্ন দালালি চক্রের পকেটে। জনস্বার্থে গ্রহণকৃত প্রকল্পসমূহ অনেক সময় বাস্তবায়িত হয় দেরিতে, মানহীনভাবে বা সম্পূর্ণই উদ্দেশ্যভ্রষ্ট হয়ে পড়ে। ফলে উন্নয়ন বাস্তবতা হয়ে দাঁড়ায় ‘কাগজে কলমে’, আর সাধারণ জনগণের জন্য থেকে যায় কষ্টের বাস্তবতা।
দুর্নীতি প্রকল্প বাস্তবায়নের একটি অদৃশ্য নিয়ন্ত্রক: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে আজ যেন এক অদ্ভুত দ্বৈততা কাজ করছে—একদিকে বিশাল বাজেটের প্রকল্প গ্রহণ, অন্যদিকে সেই প্রকল্পগুলোর বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি। সরকারি হোক বা বেসরকারি, ছোট প্রকল্প থেকে শুরু করে মেগা প্রকল্প পর্যন্ত—প্রায় সবখানেই দুর্নীতির ছায়া স্পষ্ট।
প্রকল্পের পরিকল্পনা পর্বেই শুরু হয় অসৎ লেনদেন। অনুমোদনের আগেই ভাগাভাগি হয় কমিশনের হিসাব। এরপর টেন্ডার প্রক্রিয়া চলে নিয়ন্ত্রিতভাবে—একটি প্রভাবশালী চক্র ঠিকাদারি নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের মাধ্যমে, যাতে প্রতিযোগিতা ও স্বচ্ছতা সম্পূর্ণ অনুপস্থিত। বাস্তবায়নের সময় দেখা যায় বাজেট অনেক বেশি বাড়ানো হয়েছে, অপ্রয়োজনীয় খরচ দেখানো হয়, আর প্রকল্পে কম মানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলাফল—দীর্ঘসূত্রতা, অকার্যকর অবকাঠামো এবং বিপুল অর্থ অপচয়।
এই দুর্নীতির খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। উন্নয়নের নামে আদতে তারা পাচ্ছে শুধু দুর্ভোগ, ভাঙা রাস্তা, অসম্পূর্ণ ভবন কিংবা অকার্যকর সেবাপ্রবাহ। অথচ এসব প্রকল্প বাস্তবায়নের অর্থ আসে জনগণের ট্যাক্সের টাকায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের দুর্নীতির ধারণা সূচকে (Corruption Perceptions Index – CPI) বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪তম সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে। আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০ম। অনেকে প্রথমে ভাবতে পারেন যে বাংলাদেশ চার ধাপ ‘উন্নতি’ করেছে, কিন্তু বাস্তব চিত্র আরও উদ্বেগজনক। এই অবস্থান পরিবর্তনের পেছনে বাংলাদেশে দুর্নীতি কমে যাওয়ার কোনো প্রমাণ নেই; বরং প্রতিবেশী কিছু দেশের অবস্থার আরও অবনতি হওয়ায় বাংলাদেশের অবস্থান আপাতদৃষ্টিতে একটু পিছিয়েছে। এতে করে দুর্নীতির প্রকৃত মাত্রা কমেছে—এই ধারণা বিপজ্জনক ও বিভ্রান্তিকর।
বিশ্লেষকদের মতে, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে স্থানীয় পর্যায় পর্যন্ত দুর্নীতির একটি নীরব চক্র গড়ে উঠেছে, যা কেবল উন্নয়নের গতিকে শ্লথ করছে না, বরং মানুষের আস্থার ভিতও দুর্বল করে দিচ্ছে। প্রকল্প বাস্তবায়নে যখন জবাবদিহিতা থাকে না, তখন উন্নয়ন মানেই হয় দুর্নীতির নতুন সুযোগ। এই অবস্থায় প্রশ্ন ওঠে—উন্নয়ন কী আদৌ টেকসই হবে, যদি তার ভিত্তি থাকে দুর্নীতির ওপর?
অসংখ্য উদাহরণ, ক্ষতির পাহাড়: বাংলাদেশের উন্নয়ন সূচক অনেক ক্ষেত্রে আশাব্যঞ্জক মনে হলেও প্রকৃত বাস্তবতা অনেকাংশেই ভিন্ন। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নের নামে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়, সেগুলোর অনেকটাই হয় সময়মতো শেষ হয় না, আবার শেষ হলেও গুণগত মান নিয়ে নানা প্রশ্ন থেকে যায়। বিশেষ করে রাস্তাঘাটের ক্ষেত্রে এই সমস্যা বেশি প্রকট। অনেক সড়ক নির্মাণের কয়েক বছর না ঘুরতেই দেখা যায় ফাটল ধরেছে, দ্রুত ক্ষয়িষ্ণু হয়েছে, ফলে নতুন করে খোঁড়াখুঁড়ি করে মেরামতের কাজ করতে হয়, যা জনদুর্ভোগ বাড়ায় ও অর্থের অপচয় ঘটায়।
শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, পরিবেশ সংরক্ষণ—এই মৌলিক খাতগুলোতে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে না বলে সাধারণ মানুষের হাতে প্রকৃত সেবা পৌঁছাচ্ছে না। বছরের পর বছর ধরে অনেক ক্ষেত্রে একই প্রকল্পের নামমাত্র পরিবর্তন করে পুনরায় অনুমোদন ও অর্থ বরাদ্দ করা হচ্ছে। এর ফলে প্রকল্পগুলো দীর্ঘায়িত হচ্ছে, উন্নয়নের কাজ বিলম্বিত হচ্ছে এবং অনেক সময় সেগুলো টিকিয়ে রাখাও সম্ভব হচ্ছে না।
এই অবস্থা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাঁধাগ্রস্ত করছে। কারণ উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা যখন সঠিকভাবে ব্যবহার হয় না, তখন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় না, বেকারত্ব ও দারিদ্র্য কাটিয়ে ওঠা কঠিন হয়। তদুপরি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা কমে যায়, যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য শুধু প্রকল্প গ্রহণের সংখ্যা বাড়ানো নয়, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রকল্প পরিকল্পনা থেকে শুরু করে বাজেট বরাদ্দ, ক্রয়-বিক্রয় প্রক্রিয়া, তদারকি ও মূল্যায়ন—এই প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি এবং জবাবদিহিতা থাকতে হবে। শুধুমাত্র এভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের সার্বিক উন্নয়নে প্রকৃত প্রভাব ফেলবে। সর্বোপরি জনসম্পৃক্ততা ও স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন করলে দুর্নীতি কমানো সম্ভব হবে এবং প্রকৃত উন্নয়ন বঞ্চিতদের কাছে পৌঁছাতে পারবে।
দুর্নীতির শিকড় কোথায়? দুর্নীতি শুধু একটি অসৎ আচরণ নয়, এটি সমাজের গভীরতম সমস্যাগুলোর একটি , যা নানা জটিল কারণে জন্ম নেয়। এর মূল শিকড়গুলো হলো দুর্বল আইন ও তার কার্যকর প্রয়োগের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, ক্ষমতার দমনমূলক ব্যবহার, সমাজে নৈতিক অবক্ষয় এবং বৈষম্যমূলক অর্থনৈতিক অবস্থা। তবে সব সমস্যার মূলে সবচেয়ে বড় কারণ হলো জবাবদিহিতার অভাব এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির সংকট।
যখন কোনো প্রকল্পের বাজেট এবং কার্যক্রম স্বতন্ত্র ও নিরপেক্ষ তদারকির আওতায় থাকে না, তখন দুর্নীতিবাজরা নির্বিঘ্নে তাদের কাজে লিপ্ত হতে পারে। দেশে এমন অনেক ক্ষেত্র দেখা যায় যেখানে দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা ক্ষমতার সুবিধা নিয়ে বিচার এড়িয়ে যান। এর ফলে দুর্নীতি দমন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং সাধারণ মানুষ আস্থা হারায়। অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া, প্রশাসনিক সুশাসনের অভাব ও তথ্যের স্বচ্ছতার ঘাটতি দুর্নীতিকে আরো জোরদার করে। যেখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে জবাবদিহিতা কম, সেখানে দুর্নীতির মাত্রাও বেড়ে যায়। বিশেষ করে নতুন প্রযুক্তি ও ডিজিটালাইজেশনের সুযোগ থাকা সত্ত্বেও স্বচ্ছতার অভাব দুর্নীতি কমাতে ব্যর্থ হচ্ছে।
বর্তমান সময়ে দেশে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারি উদ্যোগ যেমন তথ্যপ্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতার জন্য অ্যাকাউন্টেবিলিটি কমিটি গঠন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি করা হচ্ছে। তবে এসব উদ্যোগ সঠিকভাবে ফলপ্রসূ হতে হলে রাজনৈতিক নেতৃত্বের শক্তি ও জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য। উন্নয়নের অগ্রযাত্রা যখন দেশের ভাগ্য পরিবর্তনের প্রত্যাশা জাগায়, তখন দুর্নীতি সেই আশা ভেঙে দেয়। উন্নয়নের নামে চলমান দুর্নীতির মহোৎসব শুধু অর্থের অপচয়ই নয়, এটি দেশের সামাজিক ও নৈতিক ভিত্তিকেও ক্ষতিগ্রস্ত করছে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর তদারকির অভাব ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন অবরুদ্ধ করছে।
এখন সময় এসেছে শুধুমাত্র উন্নয়নের সংখ্যা বাড়ানোর নয়, প্রকৃত গুণগত মান নিশ্চিত করার। দুর্নীতি মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। শক্তিশালী তদারকি প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রশাসন ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করেই টেকসই উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। দেশের উন্নয়নকে দুর্নীতিমুক্ত ও জনমুখী করতে হলে আমাদের প্রত্যেকের দায়িত্ব নেওয়া জরুরি—এবং এর মাধ্যমেই “উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসব” বন্ধ করে দেশের সোনালি ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব হবে।

