লিচু, সুগন্ধি কাটারি ও চিনিগুঁড়া ধানের জন্য দেশের খ্যাতনামা জেলা দিনাজপুর। গম, ভুট্টা ও আলুর মতো অর্থকরী ফসলও চাষ হয় কৃষিনির্ভর এই অঞ্চলে। এসবের সঙ্গে এখন যুক্ত হয়েছে চা।
২০১৫ সালে প্রথমবারের মতো দিনাজপুরে শুরু হয় চা চাষ। সেই শুরু থেকেই বাড়তে থাকে চা বাগানের পরিমাণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে জেলায় চা চাষের জমির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫ হেক্টর। বীরগঞ্জ, খানসামা, চিরিরবন্দর ও কাহারোল উপজেলায় গড়ে উঠেছে এসব বাগান।
প্রথম উদ্যোক্তা নজরুল ২০১৫ সালে পঞ্চগড়ের একটি নার্সারি থেকে ছয় হাজার চারা কিনে নিজের দেড় একর জমিতে চা চাষ শুরু করেন বীরগঞ্জ উপজেলার নজরুল ইসলাম। রোপণের ছয় মাস পরেই তিনি ৫০ কেজি চা পাতা সংগ্রহ করেন। এক বছরের মধ্যে ওই জমি থেকে উৎপাদন করেন এক হাজার কেজি পাতা। তিনি এসব পাতা পঞ্চগড়ের একটি কারখানায় ২৫ টাকা কেজি দরে বিক্রি করেন।
পর্যাপ্ত পানি, ধান নয়—চা-ই সমাধান, মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের কৃষক নোমান ফারুকুল ইসলাম তিন একর জমিতে গড়ে তুলেছেন চা বাগান। নদীর ধারে হওয়ায় জমিতে পানি ধরে না। ফলে ধান ফলাতে সমস্যা হতো। জমিগুলো প্রায় সারা বছরই পতিত পড়ে থাকত। এখন সেগুলো চা চাষে কাজে লাগাচ্ছেন। আত্মীয়স্বজনের মাধ্যমে পঞ্চগড়, তেঁতুলিয়া ও আটোয়ারীর বাগান দেখে হাতে-কলমে অভিজ্ঞতা নিয়েছেন।
চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নে ‘মরিয়ম চা বাগান’ গড়ে তুলেছেন এম আতিকুর রহমান। ২০২০ সালে তিনি পাঁচ একর জমিতে শুরু করেন চা চাষ। এখন বাগানের পরিধি বেড়ে দাঁড়িয়েছে ১০ একরে। তার উদ্যোগ দেখে আশপাশের গ্রামের কৃষকরাও উৎসাহী হয়ে উঠেছেন। ব্রাহ্মণভিটা গ্রামের আব্দুল মজিদ আট একর, জয়নাল আবেদীন তিন একর এবং রফিকুল ইসলাম এক একর জমিতে চা বাগান করেছেন। তারা বলেন, “চা চাষে ধানের মতো লাভ হয় না ঠিকই, তবে ঝামেলা অনেক কম। ধানের ভালো দাম পাওয়া যায় না, ভালো মানের বীজ পাওয়া কঠিন, শ্রমিকের মজুরি বেশি। সার-কীটনাশকের খরচও বেশি। তার ওপর প্রাকৃতিক দুর্যোগ আছে। এসব থেকে মুক্তি দেয় চা চাষ। লাভ কম হলেও অন্তত শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে।”
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “চা এখনো ধান বা অন্যান্য অর্থকরী ফসলের মতো লাভজনক হয়ে ওঠেনি। তবু সমতল ভূমিতে কৃষকরা চা চাষে আগ্রহী হচ্ছেন। জেলার বিভিন্ন জায়গায় এর পরিধি বাড়ছে।” তিনি আরও জানান, দিনাজপুর দেশের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী জেলা। এখান থেকেই দেশের একটি বড় জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ হয়। সেই বিবেচনায় খাদ্যনিরাপত্তা বজায় রাখতে কৃষকদের চা চাষে নিরুৎসাহিত করা হচ্ছে।

