দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে পণ্য পরিবহন আরও দ্রুত ও কার্যকর করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং উজবেকিস্তানভিত্তিক কার্গো কোম্পানি মাই ফ্রেইটার ‘ইন্টারলাইন’ চুক্তি স্বাক্ষর করেছে।
বিমান সূত্রে জানা গেছে, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্ক যুক্ত হচ্ছে মাই ফ্রেইটারের দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি) থেকে তাসখন্দ পর্যন্ত বিশেষায়িত কার্গো পরিষেবার সঙ্গে। এতে দুই পক্ষের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি হবে।
বিমানের এক কর্মকর্তা জানান, এই অংশীদারিত্বের ফলে বাংলাদেশ থেকে পাঠানো পণ্য দুবাই হয়ে মাই ফ্রেইটারের মাধ্যমে মধ্য এশিয়ার বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে সময় বাঁচবে এবং পরিবহনও হবে নির্বিঘ্ন। এই উদ্যোগের ফলে তৈরি পোশাক, ওষুধসহ বাংলাদেশের প্রধান রপ্তানিপণ্যগুলো মধ্য এশিয়ার বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা থেকে উজবেকিস্তান ও পার্শ্ববর্তী দেশগুলোতে পণ্য পৌঁছাতে সময়ও অনেক কমে যাবে।
বিমানের কার্গো পরিষেবা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। বিশ্বের অন্যতম ট্রানজিট হাব দুবাইতেও রয়েছে এর নিয়মিত ফ্লাইট। কার্গো এয়ারপোর্টস অ্যান্ড এয়ারলাইন সার্ভিসেস-এর তথ্যমতে, এই চুক্তির ফলে ঢাকা-দুবাই-তাসখন্দ রুটে একক এয়ারওয়ে বিল ব্যবহার করে পণ্য পরিবহন করা যাবে। এতে একাধিক গন্তব্যে মালামাল পাঠানো আরও সহজ হবে।
মাই ফ্রেইটারের ফার্স্ট ডেপুটি সিইও ও সিসিও মামুর মামাদালিয়েভ এক সাক্ষাৎকারে বলেন, ২০২৬ সালের মধ্যে তাদের বহরের উড়োজাহাজের সংখ্যা ৩০ থেকে ৫০-এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে রয়েছে আটটি বোয়িং ৭৬৭ ফ্রেইটার ও একটি বোয়িং ৭৫৭এফ। সর্বশেষ একটি ৭৬৭এফ যুক্ত হয়েছে চলতি বছরের মে মাসে।
কার্গো পরিবহনের পাশাপাশি ‘সেন্ট্রাম এয়ার’ ব্র্যান্ডের অধীনে মাই ফ্রেইটার চার্টার ও যাত্রীবাহী ফ্লাইটও পরিচালনা করে। এই বহরে রয়েছে এয়ারবাস এ৩২০, এ৩২০নিও, এ৩২১নিও ও একটি এ৩৩০ উড়োজাহাজ। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ২০টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে বোয়িং ৭৩৭, ৭৭৭ ও ৭৮৭ ড্রিমলাইনার এবং ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএইচসি-৮-৪০০ টার্বোপ্রপ উড়োজাহাজ।
মাই ফ্রেইটার সম্প্রতি আইসল্যান্ডএয়ার কার্গোর সঙ্গেও অংশীদারিত্ব গড়েছে। এতে তাদের নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে উত্তর ইউরোপ ও উত্তর আমেরিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্র পর্যন্ত। এই চুক্তির আওতায় সামুদ্রিক খাবার ও অন্যান্য পচনশীল পণ্য পরিবহনের নতুন রুট চালুর সুযোগ পেয়েছে তারা। মাই ফ্রেইটার জানিয়েছে, এইসব অংশীদারিত্বের মাধ্যমে তারা মধ্য এশিয়া থেকে বৈশ্বিক বাজারে—বিশেষ করে তৈরি পোশাক, স্বাস্থ্যপণ্য, ই-কমার্স ও উচ্চমূল্যের পণ্যে—একটি আধুনিক, নির্ভরযোগ্য ও এন্ড-টু-এন্ড লজিস্টিক্স ব্যবস্থা গড়ে তুলতে চায়।

