কাতারের রাজধানী দোহায় সৌক ওয়াকিফে চলছে ‘বাংলাদেশি আম উৎসব’। শুরু থেকেই উৎসবটি ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই বিক্রি হয়েছে ২৯ হাজার ৭০০ কেজি (২৯ টনের বেশি) আম। একই সময়ে বাংলাদেশের আমের স্বাদ নিতে ভিড় করেছেন ৩১ হাজার ৭০০ জন দর্শনার্থী।
কাতারি সংবাদমাধ্যম গালফ টাইমস জানায়, সৌক ওয়াকিফ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উৎসবের প্রথম দিনে বিক্রি হয় ৮ হাজার ৭০০ কেজি আম। দ্বিতীয় দিনে ১১ হাজার ৩০০ কেজি এবং তৃতীয় দিনে বিক্রি হয় ৯ হাজার ৭০০ কেজি।
দর্শনার্থীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনেই এসেছেন ৭ হাজার জন। দ্বিতীয় দিনে ১২ হাজার ২০০ এবং তৃতীয় দিনে ১২ হাজার ৫০০ জন।
সৌক ওয়াকিফের পূর্ব স্কয়ারে আয়োজিত এ উৎসব চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে মেলা। সরকারি ছুটির দিনে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হয়। উৎসবে বাংলাদেশের ২০ ধরনের আম প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য আম হলো—আম্রপালি, ল্যাংড়া, কাটিমন, ক্ষীরসাপাত, ফজলি, গোবিন্দভোগ, হাঁড়িভাঙা, লেইম ম্যাঙ্গো, কলা আম, হিমসাগর ও লক্ষণভোগ। এ ছাড়া রয়েছে লিচু, কাঁঠাল, ড্রাগন ফল, পেয়ারা, বুবি (বাকাউরিয়া মোটলেয়ানা) ও আনারসের মতো ফল।
এই উৎসবে বিক্রি হওয়া প্রায় সব ফলই বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে সরাসরি কাতারে আনা হয়েছে। অংশগ্রহণকারীদের বেশির ভাগই এসেছেন বাংলাদেশ থেকেই। উৎসবটি প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বাংলাদেশের আম মৌসুমের সঙ্গে সামঞ্জস্য রেখে। প্রধান লক্ষ্য হলো—স্বাস্থ্যকর প্রতিযোগিতার মাধ্যমে গুণগত মানের পণ্য তুলে ধরা এবং বাংলাদেশি ফলের জন্য একটি নির্ভরযোগ্য বাজার তৈরি করা।
বাংলাদেশ দূতাবাস ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অফিসের (পিইও) সহযোগিতায় আয়োজিত এই উৎসব বাংলাদেশি ও স্থানীয় কোম্পানিগুলোর জন্য বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। পণ্য সতেজ রাখতে ও দর্শনার্থীদের আরাম নিশ্চিত করতে মেলাস্থলে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।

