জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে ‘আইনবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী’ কর্মকাণ্ড থেকে সরে আসার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ার করেছে। রবিবার (২৯ জুন) দুপুরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে না। এর পেছনে রয়েছে ব্যবস্থাপনার দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এসব বিষয় বিবেচনায় নিয়ে এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তবে রাজস্ব ব্যবস্থায় সংস্কারের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে এনবিআরের একটি অংশ গত দুই মাস ধরে আমদানি-রপ্তানি, ব্যবসা-বাণিজ্য ও রাজস্ব আদায় কার্যক্রমে অনৈতিকভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। তাদের এই ‘আন্দোলন’ দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
সরকার জানায়, এসব কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং পরিকল্পিতভাবে জাতীয় স্বার্থের বিরুদ্ধে পরিচালিত। আন্দোলনের নামে এ ধরনের দুরভিসন্ধিমূলক তৎপরতা নাগরিক অধিকার লঙ্ঘন করছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকার এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে আলোচনার আহ্বান জানালেও তারা তাতে সাড়া দেয়নি। বরং অনড় অবস্থানে থেকে চলমান অর্থনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করছে।
এমন প্রেক্ষাপটে আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্য সচল রাখতে জাতীয় স্বার্থে এনবিআরের আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনগুলোর সব ধরনের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার আশা করছে, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরবেন এবং দেশের স্বার্থে দায়িত্ব পালন করবেন। তা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য হবে বলেও জানানো হয়।

