বড় ঋণের নীতি সহায়তা দিতে গঠিত বিশেষ কমিটি গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই সময়ে প্রায় ১২৫৩টি শিল্পপ্রতিষ্ঠান আবেদন করলেও যাচাই-বাছাই শেষ হয়েছে মাত্র ১০০টির। কিন্তু একটি আবেদনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
ফলে দেশের শীর্ষস্থানীয় বহু শিল্প গ্রুপ অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাঙ্ক্ষিত সহায়তা না পেয়ে অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর চাকরি হারানোর আশঙ্কাও দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি, আইএমএফের কঠোর শর্ত এবং বৈশ্বিক মন্দার অভিঘাতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত মারাত্মক সংকটে পড়েছে। এর মধ্যেই আইএমএফ ঋণের কিস্তি শোধের সময়সীমা ছয় মাস থেকে তিন মাসে নামিয়ে আনার ফলে খেলাপির সংখ্যা হঠাৎই বেড়ে গেছে।
চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক ৫০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া শিল্প গ্রুপগুলোর অনিচ্ছাকৃত খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য একটি কমিটি গঠন করে। লক্ষ্য ছিল, প্রকৃত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের চিহ্নিত করে নীতি সহায়তা দিয়ে ব্যবসা সচল রাখা।
কমিটি আবেদন আহ্বান করলে বিপুল সাড়া পড়ে। মাত্র সাড়ে পাঁচ মাসে জমা পড়ে ১২৫৩টি আবেদন। কিন্তু এখন পর্যন্ত কাজের গতি অত্যন্ত ধীর। ১৩টি সভা করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি একটি ফাইলেও।
কেন থেমে আছে সিদ্ধান্ত?
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যাচাই-বাছাই করা ১০০টি ফাইল সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে শর্ত পূরণ করে চূড়ান্ত পুনঃতফসিল করা হবে। তবে বাস্তবে ব্যাংকগুলোর অবস্থান ভিন্ন। কেউ কেউ আগালেও অনেকেই আবেদন ঝুলিয়ে রেখেছে।
কমিটির সদস্যসচিব শাহরিয়ার সিদ্দিকী জানান, ‘‘১০০টির বেশি কেস যাচাই করে ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলোও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। সময়মতো মিডিয়াতে জানানো হবে।’’
২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব ঋণ খেলাপি হয়েছে, কেবল তারাই এই সহায়তার জন্য আবেদন করতে পারবে—এমন নীতিই দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে দেশের খেলাপি ঋণ দাঁড়ায় ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ কোটি টাকা। আর ২০২৪ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকায়, যা ব্যাংক ঋণের ২৪.১৩ শতাংশ।
কমিটির কার্যক্রমে ধীরগতির পেছনে তৎকালীন আহ্বায়ক মেজবাউল হকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর বিরুদ্ধে রিজার্ভ চুরির আলামত নষ্ট করার অভিযোগ রয়েছে। এমনকি, সিআইডির তদন্তে তাঁর নাম এসেছে দায়িত্বে গাফিলতির তালিকায়।
এছাড়া মেজবাউল হকের বিরুদ্ধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (নগদ) অনুমোদন, বিনিময় অ্যাপ চালুর পেছনে রাজনৈতিক প্রভাব খাটানো এবং সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার মতো নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “কমিটির সংখ্যা বাড়ানোর চিন্তা হচ্ছে। প্রকৃত খেলাপিদের সহায়তা দিতে হবে, তবে অনিয়মকারীদের ছাড় দেওয়া যাবে না।”
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, “ডলার সংকট, জ্বালানির ঘাটতি, মূল্যস্ফীতি, উচ্চ সুদ ও রাজনৈতিক অস্থিরতা—এই ছয়টি বড় ধাক্কায় দেশের ব্যবসা থমকে গেছে। তাই ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
কমিটি গঠন করে সহায়তা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কার্যত থেমে আছে। ফলে শিল্প খাত পুনরুদ্ধারের পথ আরও কঠিন হয়ে পড়ছে।
নির্বাচিত উদ্যোক্তাদের দ্রুত সহায়তা না দিলে অর্থনীতি চরম ঝুঁকিতে পড়বে, যা রাজস্ব আয়, কর্মসংস্থান ও বিনিয়োগ—সবকিছুতেই বিরূপ প্রভাব ফেলতে পারে।

