দুই দিন অচল থাকার পর আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পুরোদমে আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। জাহাজ থেকে কনটেইনার নামানো, বন্দর থেকে পণ্য খালাস এবং রপ্তানি পণ্য ওঠানোর কাজ এখন চলছে স্বাভাবিক গতিতে।
এর আগে এনবিআরের সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। ফলে কাস্টমস অনুমোদন না থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্পূর্ণ থেমে যায়।
রোববার রাতে ঢাকায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন কাস্টমস কর্মকর্তারা। এরপর রাত থেকেই চট্টগ্রাম বন্দরে ধীরে ধীরে কাজ শুরু হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম জানান, গত রাতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। তবে আজ সকাল থেকে সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
কাস্টমস অনুমোদন না থাকায় রোববার পর্যন্ত অলস পড়ে থাকা জাহাজগুলোর মধ্যে ‘এমভি আমালফি বে’ নামের একটি জাহাজ থেকে গতকাল রাতেই কনটেইনার নামানো শুরু হয়। আজ সকাল পর্যন্ত ওই জাহাজ থেকে ৩১০টি কনটেইনার খালাস করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য জাহাজ থেকেও পণ্য ওঠানো-নামানো কার্যক্রম শুরু হয়েছে। সকালে একটি কনটেইনার জাহাজ রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়েও গেছে।
চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক বলেন, কাস্টমস কর্মকর্তারা কর্মসূচি প্রত্যাহার করায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম এখন পুরোদমে চলছে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম বলেন, দুই দিন কার্যক্রম বন্ধ থাকায় পণ্য পরিবহনে জট তৈরি হয়েছিল। গতকাল রাতে প্রথমে রপ্তানি পণ্যের শুল্কায়ন ও নিবন্ধন কাজ শুরু হয়। আজ থেকে পুরোদমে কাজ শুরু হওয়ায় বন্দর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

