আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে রাজস্ব আহরণ বাড়াতে এবং ভর্তুকি কমাতে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নতুন বিনিময় হার ব্যবস্থাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে সংস্থাটি। তবে ভবিষ্যতে বিনিময় হার পুরোপুরি বাজারের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আয়োজিত এক ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন আইএমএফ মিশনপ্রধান ক্রিস পাপাজর্জিও। সঙ্গে ছিলেন উপমিশনপ্রধান আইভো ক্রিজনার এবং বাংলাদেশে নিযুক্ত আইএমএফ প্রতিনিধি জয়েন্দু দে।
ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পথে। এই উত্তরণে রপ্তানির বৈচিত্র্য, সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, শাসনব্যবস্থা উন্নয়ন এবং তথ্যের গুণগত মান বৃদ্ধির ওপর জোর দিয়েছে আইএমএফ।
এ সময় আরও জানানো হয়, আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৬ সালের বদলে এটি শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে। এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও ৮০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ পাবে। যদিও ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় সামষ্টিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে, তারপরও কর্মসূচি মোটামুটি সঠিক পথেই এগোচ্ছে বলে মন্তব্য করে সংস্থাটি।
রাজস্ব আদায়ের বিষয়ে আইএমএফ ও বিশ্বব্যাংক যৌথভাবে কাজ শুরু করেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথককরণ নিয়েও আলোচনা চলছে। মিশনপ্রধান বলেন, রাজস্ব আহরণ বাড়াতে একটি সমন্বিত কর্মপদ্ধতি অনুসরণ করা হবে।
আইএমএফ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ২ লাখ ৪০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। এই উচ্চ লক্ষ্যমাত্রা কি বর্তমান আন্দোলনমুখর রাজনৈতিক বাস্তবতায় অর্জনযোগ্য— এমন প্রশ্নে পাপাজর্জিও বলেন, “চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে লক্ষ্যটি উচ্চাকাঙ্ক্ষী হলেও তা সম্ভব। কারণ, জিডিপির তুলনায় রাজস্ব আহরণের হার এখনো বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি।”

