জাপান যুক্তরাষ্ট্রে উৎপাদিত চাল কিনতে রাজি নয়—এমন অভিযোগ তুলে দেশটির পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ওরা আমাদের চাল নেয় না, অথচ ওদের চালের ঘাটতি অনেক। আমরা ওদের কেবল একটা চিঠি পাঠাব। যদিও বহু বছর ধরে ওদের বাণিজ্যিক অংশীদার হিসেবে পছন্দ করে আসছি।”
তবে ট্রাম্পের দাবি বাস্তবচিত্রের সঙ্গে মিলছে না। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর বাণিজ্য উপাত্ত বলছে, ২০২৪ সালে জাপান যুক্তরাষ্ট্র থেকে ২৯৮ মিলিয়ন ডলারের চাল কিনেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১৪ মিলিয়ন ডলারের চাল আমদানি করেছে দেশটি। এখনো পরিষ্কার নয়, জাপান ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চাল কেনা বন্ধ করে দেবে কি না। দেশটির দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ট্রাম্পের পোস্ট নিয়ে বিশ্লেষকরা বলছেন, তিনি ২০২১ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) এক প্রতিবেদনের দিকে ইঙ্গিত করেছেন। সেই প্রতিবেদনে বলা হয়, “জাপানের আমদানি ও বিতরণ ব্যবস্থা অতিমাত্রায় নিয়ন্ত্রিত ও অস্বচ্ছ। এতে যুক্তরাষ্ট্রের চাল রপ্তানিকারকরা স্থানীয় বাজারে প্রবেশাধিকার পাচ্ছেন না।” সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন কয়েকটি বিদেশি সরকারকে চিঠি পাঠাবে, যেখানে তাদের পণ্যে সম্ভাব্য নতুন শুল্ক আরোপের বিষয়টি জানানো হবে। এ ঘোষণা এসেছে এপ্রিল মাসে ঘোষিত ৯০ দিনের পাল্টা শুল্ক বিরতির পরপরই।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “প্রিয় মি. জাপান, আপনাদের গাড়ির ওপর এখন থেকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।” ট্রাম্পের এই হুমকি এসেছে এমন এক সময়ে, যখন তার ঘোষিত ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে যাচ্ছে আগামী ৯ জুলাই। নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে অনেক দেশকেই নতুন শুল্কের মুখে পড়তে হতে পারে। তবে নতুন হার কত হবে, তা এখনো স্পষ্ট নয়।
বিরতির আগে জাপানি পণ্যে সর্বনিম্ন ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। বিরতি চলাকালীন এসব পণ্য ১০ শতাংশ সার্বজনীন শুল্কের আওতায় রয়েছে। এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট জানান, জাপানের সঙ্গে এখনো আলোচনা চলছে।
তিনি বলেন, “সবকিছু এখনো চূড়ান্ত হয়নি। আমি জানি উনি (ট্রাম্প) কী বলেছেন, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চলবে। এমনকি কাঠামো ঠিক হলেও, অনেক কিছু পরবর্তী পর্যায়ে ঠিক করতে হবে।”

