ঈদের পরপরই চাল, আলু, দেশি পেঁয়াজ, টমেটো, বেগুন, করলা ও সোনালি মুরগির দাম হঠাৎ করে ঊর্ধ্বমুখী হয়েছে। গত এক মাসে এসব পণ্যের খুচরা মূল্য সর্বোচ্চ ১৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিন্তু সাধারণ মানুষের আয় বাড়েনি। ফলে বাজারে গিয়ে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। বিশেষজ্ঞদের মতে, এভাবে দাম বাড়তে থাকলে মূল্যস্ফীতি আরও তীব্র হতে পারে। এর সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জীবনে।
বিনা সতর্কতায় আবারও চালের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট চালের দাম। খুচরায় প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে এই চালের দাম। মোটা চালেও তিন থেকে পাঁচ টাকা বেড়েছে। চালকল মালিকরা বলছেন, মিনিকেট চালের ধানে সংকট তৈরি হওয়ায় বেশি দামে কিনে মজুত করতে হচ্ছে। এ কারণে মিল পর্যায়ে দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারেও।
তবে বাজার সংশ্লিষ্ট অনেকে বলছেন, বাজারে ধানের ঘাটতি নেই। বরং করপোরেট চাল ব্যবসায়ী ও অসাধু মজুদদাররা সরকারের মজুদ নীতিমালাকে উপেক্ষা করে বিপুল পরিমাণ ধান গুদামজাত করেছেন। এতে সাধারণ মিলারদের হাতে ধান পৌঁছাচ্ছে না। এর ফলে দাম বাড়ছে, আর সরকারের তদারকি না থাকায় তা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছেই।
অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও চাল ও সবজির দাম যেভাবে বাড়ছে, তাতে নিম্নআয়ের মানুষ নতুন করে সংকটে পড়েছে। আয় না বাড়লেও ব্যয় লাগামছাড়া হওয়ায় অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। গত কয়েক অর্থবছরের উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস করেছে। এর প্রভাব পড়ছে জীবনযাত্রার মানে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ঢাকার খুচরা বাজারে গত ৩০ জুন ও ৩০ মে তারিখের তথ্য পর্যালোচনায় দেখা গেছে—
- মিনিকেট চাল কেজিতে ১২–১৪% বেড়ে মানভেদে ৮২–৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
- মোটা চাল ব্রি-২৮ কেজিতে ৩–৭% বেড়ে এখন ৬০–৬২ টাকা।
- আলুর দাম ২০% বেড়ে কেজিতে ৩০ টাকা।
- দেশি পেঁয়াজ কেজিতে ৯–১০% বেড়ে ৫৫–৬০ টাকা।
- মৌসুম শেষে টমেটোর দাম কেজিতে ১০০–১৩৩% বেড়ে এখন ১০০–১৪০ টাকা।
সবজির বাজারেও একই অবস্থা। করলার দাম ৩৩–৪৩% বেড়ে ৮০–১০০ টাকা, বেগুন ২৫–৩৩% বেড়ে কেজিতে ৮০–১০০ টাকা, বরবটি ৫০–১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির চাহিদা বাড়ায় কেজিতে ১২–১৪% দাম বেড়ে দাঁড়িয়েছে ২৮০–৩২০ টাকায়। তবে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৬০–১৭০ টাকায় স্থিতিশীল রয়েছে।
রামপুরার কাঁচাবাজারে দেখা মিলল বেসরকারি চাকরিজীবী মো. হাবিবুর রহমানের। তিনি বলেন, ‘ঈদের আগে ২৫ কেজির মিনিকেট চাল কিনেছিলাম ১,৮৭৫ টাকায়। এখন সেই বস্তা ২,১২৫ টাকা। একটার পর একটা জিনিসের দাম বাড়ছে। আয় বাড়েনি, অথচ খরচ বেড়েই চলেছে।’
কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, ‘এই মৌসুমে চালের দাম বাড়ার কথা নয়। কিন্তু মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। মিনিকেট চাল এক বছরে কেজিতে ১৪ টাকা পর্যন্ত বেড়েছে। মোটা চাল ব্রি-২৮ বেড়েছে ৮ টাকা। সরকারকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে।’ একই বাজারের ব্যবসায়ী মো. মোনায়েম বলেন, ‘৫০ কেজির চালের বস্তায় এক লাফে ৪০০ টাকা বেড়েছে। এমন বাড়তি দাম সাধারণ মানুষের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।’
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিয়মিত বাজার তদারকি করতে হবে। মজুদদারদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম চালিয়ে যেতে হবে। সরকার যদি বাজার নিয়ন্ত্রণে রাখে, তবে অস্থিরতা কমবে।’

