তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থানে নেমে এসেছে ডলারের বিনিময় হার। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে। গতকাল দাম বেড়েছে মূল্যবান এই ধাতুটির। বিনিয়োগকারীরা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন শ্রমবাজারসংক্রান্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে, যা দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার নীতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে ০.৭ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩,২৯৪ ডলার ৫৭ সেন্ট। একই দিনে যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,৩০৫ ডলার ৫০ সেন্ট। ডলারের দরপতনে স্বর্ণের দাম বাড়ার একটি সাধারণ কারণ আছে। যখন ডলারের মান কমে, তখন অন্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে পড়ে। এতে চাহিদা বাড়ে এবং তার প্রভাব পড়ে দামে।
সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্তাওনোভো জানান, ‘বর্তমানে স্বর্ণের মূল্যবৃদ্ধির দুটি প্রধান কারণ রয়েছে—একটি হলো ডলারের দুর্বলতা, আরেকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডকে সুদহার কমানোর চাপ দেওয়া।’
শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ফেডের নেতৃত্বে তিনি এমন কাউকে দেখতে চান না, যিনি সুদহার কমানোর পক্ষে নন।
এদিকে বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের আসন্ন শ্রমবাজারসংক্রান্ত তথ্যের দিকে। চলতি সপ্তাহের শেষে প্রকাশিত হবে এডিপি এমপ্লয়মেন্ট রিপোর্ট এবং নন-ফার্ম পেরোল প্রতিবেদন। এই তথ্যগুলো থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি এবং ফেডের ভবিষ্যৎ নীতিনির্ধারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
স্তাওনোভো আরও বলেন, ‘যদি এসব প্রতিবেদনে অর্থনৈতিক দুর্বলতার ইঙ্গিত পাওয়া যায়, তাহলে ফেড সুদহার কমানোর দিকে এগোতে পারে।’
বর্তমানে বিনিয়োগকারীদের প্রত্যাশা, ফেড সেপ্টেম্বর থেকে ৬৬ বেসিস পয়েন্ট হারে সুদহার কমাতে পারে। সুদহার কমলে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ বাড়ে, ফলে দামও চড়ে।
শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুগুলোর দামেও গতকাল ঊর্ধ্বগতি দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম বেড়েছে ০.৫ শতাংশ, প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩৬ ডলার ১৬ সেন্ট। প্লাটিনামের দাম বেড়ে ১.৯ শতাংশ, প্রতি আউন্স ১,৩৬৪ ডলার ৭২ সেন্ট। প্যালাডিয়ামের দাম বেড়েছে ১.৫ শতাংশ, প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১,১৫০ ডলার ৩০ সেন্ট

