ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েলকে সহায়তা করতে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে বোমা পরিচালন কিটসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম।
সোমবার (৩০ জুন) মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (DSCA) এক বিবৃতিতে জানায়, এই সরঞ্জাম বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এতে সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতি রক্ষায় তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
DSCA আরও জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটির শক্তিশালী ও প্রস্তুত আত্মরক্ষামূলক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করাও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ। এই বিক্রির প্রস্তাবটি স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে অনুমোদন করেছে। বিষয়টি কংগ্রেসেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চূড়ান্ত বাস্তবায়নের জন্য এখন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
এর আগে ১৩ জুন ইসরায়েল নজিরবিহীন এক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, বিজ্ঞানী ও সামরিক নেতাদের লক্ষ্যবস্তু করে। তেলআবিবের দাবি, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হয়েছিল। তবে ইরান জানায়, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রভাবশালী রাষ্ট্রের ধারণা, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর পারমাণবিক চুক্তি বাতিল করেন। পরে সামরিক পথ বেছে নিয়ে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেন তিনি। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানকে আর কখনো পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে না। ফলে নতুন করে সংঘাতের শঙ্কা এখনো রয়েছে।

