দুই মাস আগে নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত মাত্র ২১টি আরটি-পিসিআর ল্যাব চালু হয়েছে। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্থাপিত ১৬২টির মধ্যে বাকি ১৪১টি ল্যাব এখনও অচল। এসব ল্যাব চালু করতে এখন নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনা শনাক্তসহ অন্তত ২৫ ধরনের ভাইরাস পরীক্ষার সক্ষমতা রয়েছে এসব ল্যাবে। কিন্তু করোনা মহামারি কমে যাওয়ার পর এসব ল্যাবের ব্যবহার কার্যত বন্ধ হয়ে যায়। পরিকল্পনার অভাব, জনবল সংকট, কিটের স্বল্পতা এবং রক্ষণাবেক্ষণের ঘাটতিতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি এখন অকার্যকর হয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২০ সালে কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় সারাদেশে ১৬২টি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এরপর করোনা সংক্রমণ কমে গেলে অধিকাংশ ল্যাব বন্ধ হয়ে পড়ে। প্রকল্পটির মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। প্রকল্পের অধীনে থাকা ১ হাজার ৪ জন অস্থায়ী জনবলকেও চাকরি থেকে বাদ দেওয়া হয়। এ বছর মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালগুলোকে আবার পরীক্ষা শুরু করতে বলা হয়। এক মাসে মাত্র ২১টি ল্যাব সচল হয়। বাকি ১৪১টি ল্যাব জনবল ও কিট সংকটে বন্ধ।
বিশেষজ্ঞরা বলছেন, ল্যাব স্থাপনের সময় জনবল নিয়োগ, রিএজেন্ট সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় গুরুত্ব পায়নি। ফলে বহু ল্যাবে যন্ত্র থাকলেও নেই প্রশিক্ষিত প্যাথলজিস্ট বা টেকনোলজিস্ট। কোথাও রিএজেন্ট না থাকায়, কোথাও যন্ত্রের ক্যালিব্রেশন না করায় ল্যাব চালু করা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, ২১১ কোটি টাকার যন্ত্রপাতি এখন অব্যবহৃত। অনেক ল্যাবের যন্ত্র তিন বছর ধরে বাক্সবন্দি। উদাহরণস্বরূপ, ২০২১ সালে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো যন্ত্রটি এখনও স্থাপন করা হয়নি। প্রশিক্ষিত জনবল না থাকায় সেটি একটি ভবনের ঘরে পড়ে আছে। প্রয়োজন রয়েছে ২১ জন দক্ষ জনবলের, যা এখনও বরাদ্দ হয়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবে প্রায় দুই কোটি টাকার যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। গ্রিল কেটে মেশিন, মনিটর, ডেস্কটপ, এসি সবই নিয়ে যায় চোরচক্র। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও তিনটি পিসিআর ল্যাব বছরের পর বছর অচল। নেই কিট, নেই পরীক্ষার উপকরণ। রংপুর বিভাগের সহকারী পরিচালক জানান, যন্ত্র সচল করতে চেষ্টা চলছে, দ্রুত কার্যক্রম শুরু হবে। হবিগঞ্জ সদর হাসপাতালে মাত্র ২৫০টি কিট আছে, যার মেয়াদ সেপ্টেম্বরেই শেষ হবে। খুলনা মেডিকেল কলেজের আরটি-পিসিআর যন্ত্র ২০২৩ সালের ২৭ নভেম্বর বিকল হয়েছে। এখন সেখানে র্যাপিড কিটে নমুনা পরীক্ষা চলছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন জানিয়েছেন, ঢাকার বাইরে ১১টি মেডিকেল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষা আবার চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্র ক্যালিব্রেশনে সময় লাগছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, যন্ত্র সচল করতে কিট ও জনবল দরকার। কিট কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। জনবল নিয়োগে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান জানান, অচল যন্ত্র সচল করতে নতুন একটি প্রকল্প নেওয়া হবে। এর আওতায় কিট, রিএজেন্ট কেনা ও জনবল নিয়োগ করা হবে। তার আগ পর্যন্ত ল্যাবগুলো সচল করা যাচ্ছে না।
গতকাল আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট শনাক্ত ৫৬৯ জন, মৃত্যু ২২ জন। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফাতেমা খান মজলিশ বলেন, সংক্রামক ব্যাধি শনাক্তে এসব ল্যাব বড় ভূমিকা রাখতে পারত। কিন্তু অব্যবস্থাপনার কারণে বিপুল সম্ভাবনাময় এই অবকাঠামো অচল হয়ে আছে। দ্রুত তদন্ত ও ব্যবস্থা না নিলে এই যন্ত্রপাতি পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

