সামনে মাছের স্তূপ। চারপাশে ভিড় করে আছেন ক্রেতারা। মাঝখানে দাঁড়িয়ে নিলামে দাম হাঁকছেন বিক্রেতা। ক্রেতারা একে একে হাঁক ডেকে বাড়াচ্ছেন দাম। যখন কেউ আর বাড়াতে চান না, তখন সর্বোচ্চ দামেই মাছ তুলে দিচ্ছেন বিক্রেতা। এমন চিত্র চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের আড়ত—ফিশারি ঘাটে।
প্রতিদিন ভোর থেকেই এখানে নদী ও সাগর থেকে আনা মাছ নিয়ে হাজির হন জেলেরা। কর্ণফুলী নদীর তীরঘেঁষা এই ঘাটে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে মূল বেচাকেনা। তবে কয়েক দিন ধরে সাগর উত্তাল থাকায় মাছের সরবরাহ কমে গেছে। আজ বুধবার ভোরেও সেই চিত্র দেখা গেছে।

আড়তদার ও জেলেরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। তাই ঘাটে আশানুরূপ মাছ আসছে না। বড় মাছ প্রায় নেই বললেই চলে, ছোট মাছই বেশি। ঘাটে আজ দেখা গেছে লইট্টা, বোয়াল, কোরাল, রূপচাঁদা, কই, কাতলা, পোয়া ইত্যাদি মাছ। তবে সংখ্যায় কম এবং বেশিরভাগই আকারে ছোট। ইলিশের সরবরাহ একেবারেই কম, যা কিনা ক্রেতাদের চাহিদার সঙ্গে একদম বেমানান।
সকাল সাড়ে ছয়টার দিকে ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, ভিড় জমেছে ক্রেতাদের। কিন্তু মাছের পরিমাণ তুলনামূলকভাবে কম। একটি স্থানে দাঁড়িয়ে লইট্টা মাছের স্তূপ নিয়ে দাম হাঁকছেন বিক্রেতা আকবর আলী। কয়েকজন ক্রেতা দাম বাড়িয়ে হাঁক দিচ্ছেন। শেষে ৫ হাজার ৮০০ টাকায় তিনবার হাঁক দিয়ে মাছ বুঝিয়ে দেন তিনি।
এই মাছ কিনেছেন খুচরা বিক্রেতা সাইফুল ইসলাম। তিনি জানান, আনুমানিক ২০–২৫ কেজি মাছ নিয়েছেন। প্রতি কেজিতে দাম পড়েছে প্রায় ২৫০ টাকা। তবে তিনি বলেন, ‘‘নিলামে তো সব কিছু আন্দাজে নিতে হয়। কেউ জেতে, কেউ হারে। এটাও ব্যবসার অংশ।’’

বাজার ঘুরে দুইজন বিক্রেতার কাছে পাওয়া গেল কিছু ইলিশ। দাম জিজ্ঞাসা করতেই জানা গেল, মাঝারি আকারের (৫৫০ থেকে ৬০০ গ্রাম ওজন) ইলিশ কেজিতে দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, ইলিশের মৌসুম এখনো পুরোপুরি শুরু হয়নি। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রতিবছর মা মাছ রক্ষায় সরকার বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। চলতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন ছিল এ নিষেধাজ্ঞা। ১১ জুন রাত থেকে আবার সাগরে যেতে শুরু করেন জেলেরা। তবে এখনো ঘাটে তেমন মাছ উঠছে না। অনেক জেলেই হতাশ। তাঁরা বলছেন, আবহাওয়া ভালো থাকলে কয়েক দিনের মধ্যে ঘাটে আবার মাছের জোয়ার আসবে।
আড়তদার ও মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন ঘাটে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ১ হাজার কেজি পর্যন্ত মাছ আসছে। শহরের ঘাটগুলোতে তা ৭০০ থেকে ১ হাজার ৫০০ কেজি। এর মধ্যে রয়েছে লইট্টা, পোয়া, চিংড়ি, চেউয়া, কিছু ইলিশ ইত্যাদি। ইলিশের পরিমাণ এখনো ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে। এই ইলিশগুলোর ওজন ৩০০ থেকে ৬০০ গ্রামের মধ্যে। ফিশারি ঘাটের বিক্রেতা রাব্বি আহমেদ বলেন, ‘‘এ বছর এখনো তেমন মাছ উঠছে না। গত কয়েক দিন সাগর খুবই খারাপ ছিল। জেলেরা যেতে পারছে না। তবে আশা করছি, সামনে মাছ উঠবে। এখন তো দাম একটু বেশি থাকবেই

