মার্কিন সিনেটের একটি নতুন বিলে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিল চূড়ান্ত হলে ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে।
বিলটি ইতিমধ্যে সিনেটে ব্যাপক সমর্থন পেয়েছে। মোট ৮৪ জন সিনেটর বিলটির পক্ষে অবস্থান নিয়েছেন। ধারণা করা হচ্ছে, এটি অগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিলটি পাস হলে ভারতের অর্থনীতিতে তা সরাসরি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই খবর প্রকাশ্যে এনেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যদি কেউ রাশিয়া থেকে পণ্য কেনে এবং ইউক্রেনকে সাহায্য না করে, তবে তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।” তিনি আরও বলেন, “ভারত ও চীন মিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭০ শতাংশ তেল কিনছে। এতে রাশিয়ার যুদ্ধ চালানোর অর্থনৈতিক শক্তি বজায় থাকছে।”
গ্রাহাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে বলেছেন, “এখনই সময় বিলটি উত্থাপন করার।” তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন এর আগে গ্রাহামকে আইনের বাধ্যতামূলক শর্তাবলী- যেমন ‘হবে’ এর পরিবর্তে ‘হতে পারে’ এর মতো আরও বিচক্ষণ শব্দ ব্যবহার করার জন্য অনুরোধ করেছিলেন। যাতে এর বাধ্যতামূলক প্রয়োগের বিধানগুলোকে দুর্বল করা যায়।
এই বিল বাস্তবায়িত হলে সবচেয়ে বড় ধাক্কা খাবে ভারত ও চীন। কারণ দুই দেশই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সর্বোচ্চ ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই অঙ্ক মহামারী-পূর্ব সময়ের তুলনায় ছয় গুণেরও বেশি। ২০১৯ সালে এই অঙ্ক ছিল মাত্র ১০.১ বিলিয়ন ডলার।
এই বাণিজ্য প্রবৃদ্ধির পেছনে রয়েছে ভারতের রপ্তানি বৃদ্ধি এবং রাশিয়া থেকে তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ায় ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে দিল্লি ও মস্কো।
বিশ্লেষকদের মতে, এই বিল কার্যকর হলে ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার রূপে আসতে পারে নতুন অর্থনৈতিক চাপ। চীনকেও পড়তে হতে পারে একই ধরনের শুল্ক সংকটে। ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

