ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে স্পেনের অন্যতম বড় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। দেশটির স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের অন্যতম কঠোর সমালোচক দেশ স্পেন। সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধে কোম্পানিগুলোকে উৎসাহ দিয়ে আসছে।
বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু জানায়, সিডেনরের এ সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আগে গত মাসে আয়ারল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ডিচ একটি অনুসন্ধানে জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে টানা ১০ মাসে সিডেনর ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমস-এর কাছে ১ হাজার ২০৭ টন স্টিল বার রপ্তানি করে। তবে এখন প্রতিষ্ঠানটি জানায়, তারা ইসরায়েলের কাছে আর কোনো স্টিল পণ্য রপ্তানি করবে না।
স্পেনের গণমাধ্যম কাদেনা সের জানিয়েছে, এই সিদ্ধান্তে কোম্পানির আর্থিক ক্ষতি খুব সামান্য হবে। কারণ, ইসরায়েলের বাজার থেকে সিডেনরের মোট বিক্রির পরিমাণ ০.৫ শতাংশেরও কম। স্পেন সরকারের আহ্বান প্রসঙ্গে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা সরকারি অবস্থানের প্রতি শ্রদ্ধাশীল। এ সিদ্ধান্ত সামাজিক দায়বদ্ধতারও অংশ।
স্পেনের ভোক্তাবিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন্দুই এই পদক্ষেপকে ‘সামাজিক চাপের কাছে নতি স্বীকার’ বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-তে তিনি লেখেন, “আমরা এখনো স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি, যেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল—ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য ও গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে।”
এর আগে স্পেন সরকার জানায়, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই দেশটি অস্ত্র রপ্তানি বন্ধ রেখেছে। তবে তদন্তে দেখা গেছে, কিছু পুরোনো চুক্তি এখনো সক্রিয়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। লাখো মানুষ খাদ্য ও দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন।
২০২৩ সালে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর চলতি সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেনি, যা অত্যন্ত দুঃখজনক।”

