চলতি মাসের ৪ থেকে ৮ জুলাই (রোববার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তরের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘অফসাইট সুপারভিশন’ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “ডেটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখবে—এ বিষয়ে ব্যাংকের আবেদনে সম্মতি দেওয়া হয়েছে।”
এর ফলে এই সময়ের মধ্যে রূপালী ব্যাংকের গ্রাহকরা কোনও লেনদেন, জমা-উত্তোলন, অনলাইন ট্রান্সফার বা অন্যান্য ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন না।
ব্যাংক কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ডেটা সেন্টার স্থানান্তর কাজ সফলভাবে শেষ হলে পুনরায় ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে বলে আশ্বস্ত করেছে।

