ভারতের আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ নেওয়ার বিপরীতে সব বকেয়া পরিশোধ করেছে বাংলাদেশ। চলতি বছরের জুন মাসে এককালীন ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে পুরো পাওনা মিটিয়েছে সরকার। এর ফলে ৩১ মার্চ পর্যন্ত আদানির বকেয়া বিল সম্পূর্ণভাবে পরিশোধ হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস বুধবার (২ জুলাই) জানিয়েছে, এটি আদানি পাওয়ারের ইতিহাসে বাংলাদেশ থেকে পাওয়া সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি। এর আগে প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার পেত।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বকেয়া বিল, বিলম্ব ফি ও অন্যান্য অতিরিক্ত খরচ মিটিয়ে দেওয়ার পর বাংলাদেশ-আদানি বিদ্যুৎচুক্তি এখন আইনি ও আর্থিকভাবে স্বাভাবিক হয়েছে। এ ছাড়া, চুক্তি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে যেসব প্রশ্ন উঠেছিল, সেগুলোরও সমাধান হয়েছে।
ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি পাওয়ার। সব পাওনা পরিশোধের পর এখন প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে—দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটই যেন পিডিবির চাহিদা অনুযায়ী সচল থাকে।
চুক্তি অনুযায়ী, ৩০ জুনের মধ্যে বকেয়া পরিশোধ করা হলে বিলম্ব ফি মওকুফের কথা ছিল। বাংলাদেশ সময়মতো পরিশোধ করায় সেই ছাড়ও পেয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বিল পরিশোধে নিয়মিততা আনতে সরকার ১৮০ মিলিয়ন ডলারের সমপরিমাণ একটি ঋণপত্র (এলসি) খুলেছে এবং বাকি পাওনার নিশ্চয়তায় রাষ্ট্রীয় গ্যারান্টিও দিয়েছে।
এর আগে, মে মাসে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল—আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০০ মিলিয়ন ডলারে পৌঁছেছিল। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা দিলীপ ঝা জানিয়েছিলেন, ২০২৫ অর্থবছর শেষে বাংলাদেশ ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। দেরিতে পরিশোধের কারণে অতিরিক্ত ১৩৬ মিলিয়ন ডলার হিসাব করা হয়েছিল।
তবে আদানি পাওয়ারের প্রধান নির্বাহী এস.বি. খ্যালিয়া বলেন, বকেয়া থাকলেও কখনোই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। জানুয়ারি থেকে মার্চ মেয়াদে পাওনার পরিমাণ ৫০০ কোটি রুপি কমেছে বলেও তিনি জানান।
এদিকে, এই আর্থিক নিশ্চয়তার পর ভারতের দিক থেকেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। গোড্ডা বিদ্যুৎ প্রকল্প, যা এতদিন আদানির একটি সহায়ক কোম্পানির অধীনে ছিল, সেটি এখন মূল কোম্পানির সাথেই একীভূত করা হয়েছে। এতে পরিচালনা ও অর্থ ব্যবস্থাপনায় আরও গতি আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

