ছয় শত কোটি টাকারও বেশি ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিশাল সব ভবন। উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা। কিন্তু বাস্তবে সেই ভবনগুলোই আজ পড়ে আছে অব্যবহৃত, জনমানবশূন্য। ঝোপঝাড়ে ঢেকে গেছে চত্বর, মাকড়সার জালে ঢেকে আছে ভবনের ভেতর।
এই চিত্র গোপালগঞ্জ, জামালপুর ও রংপুরে নির্মিত তিনটি পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ)। এর মধ্যে জামালপুর ও রংপুরের দুটি একাডেমি চালুই হয়নি। গোপালগঞ্জেরটি সীমিত পরিসরে চালু হলেও তাও জনবল সংকটে ধুঁকছে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই তিনটি একাডেমি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৬১০ কোটি টাকা। তবুও প্রশিক্ষণের পরিবেশ সৃষ্টি হয়নি।

জামালপুরের মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকায় ৫০ একর জমিতে গড়ে তোলা হয়েছে ১০ তলা, ৬ তলা ও একাধিক ভবন। নির্মাণে ব্যয় হয়েছে ১৩১ কোটি টাকা। কিন্তু ২০২২ সালে নির্মাণ শেষ হলেও একাডেমির কার্যক্রম এখনও চালু হয়নি। অনুমোদিত ১১০টি পদ থাকলেও শুধু মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন। বাকিগুলো ফাঁকা। অস্থায়ী কিছু কর্মী দিয়ে শুধু রক্ষণাবেক্ষণ চালানো হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভবনের ভেতরে প্রশিক্ষণের যন্ত্রপাতি পড়ে আছে অচল অবস্থায়। বাইরের চত্বরে আবর্জনা আর আগাছায় ঢেকে গেছে পুরো এলাকা।

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালীতে ৫০ একর জায়গায় নির্মিত হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি। ব্যয় হয়েছে ১৩৪ কোটি টাকার বেশি। ভবনের মধ্যে রয়েছে ১০ তলা প্রশাসনিক ভবন, ৫ তলা ক্যাফেটেরিয়া, দোতলা মেডিকেল সেন্টার, হোস্টেল, কোয়ার্টারসহ নানা অবকাঠামো। কিন্তু প্রায় আড়াই বছর আগে নির্মাণ শেষ হলেও জনবল নিয়োগ না হওয়ায় একাডেমিটি চালু হয়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানিয়েছেন, এখানে বর্তমানে রয়েছেন মাত্র কয়েকজন নিরাপত্তাকর্মী, একজন কেয়ারটেকার, ইলেকট্রিশিয়ান ও একজন মালি। রক্ষণাবেক্ষণই তাদের কাজ। রংপুর একাডেমির অতিরিক্ত দায়িত্বে থাকা বগুড়া আরডিএ–র উপপরিচালক তানবিরুল ইসলাম জানিয়েছেন, জনবল নিয়োগ প্রক্রিয়াধীন। তাই কার্যক্রম শুরু করা যাচ্ছে না।

৩০ একর জায়গার ওপর নির্মিত গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমির কাজ শুরু হয় ২০১২ সালে, শেষ হয় ২০২১ সালে। নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৪৫ কোটি টাকা। দুটি ১০ তলা ও দুটি ৬ তলা ভবনসহ একাধিক ভবন নির্মিত হয়েছে। তবে প্রকল্প শুরুর আগে কোন সমীক্ষা হয়নি—এই একাডেমির আদৌ প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। এখানে মহাপরিচালকের পদটি এখনও খালি। অতিরিক্ত দায়িত্বে আছেন যুগ্ম সচিব আ স ম হাসান আল আমিন। তিনি জানান, কিছু জনবল নিয়োগ দেওয়া হয়েছে, সীমিত পরিসরে প্রশিক্ষণও চলছে। তবে জনবল সংকট এখনও প্রকট।
এত ব্যয় হলেও কেন কার্যক্রম চলছে না—তা খতিয়ে দেখতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার একটি ছয় সদস্যের কমিটি গঠন করে। এতে নেতৃত্ব দেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. ছায়েদুজ্জামান। তিনি জানিয়েছেন, জুন মাসে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সুপারিশও দেওয়া হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেছেন, “এত টাকা খরচ করে গড়ে তোলা ভবনগুলো এভাবে পড়ে থাকা যৌক্তিক নয়।” তিনি জানান, জামালপুর ও রংপুরে জনবল নিয়োগের কাজ প্রক্রিয়াধীন, গোপালগঞ্জে কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি আরও বলেন, “বিভাগে পূর্ণাঙ্গ সচিব না থাকায় অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না।”
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন বলছে, গোপালগঞ্জ, রংপুর ও জামালপুরের তিনটি আরডিএ বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। কমিশন মনে করে, এগুলোকে স্বাস্থ্য খাত, কারিগরি শিক্ষা বা অন্য কোনো খাতে ব্যবহার করা যেতে পারে। দীর্ঘ মেয়াদে ইজারা দিয়ে ব্যবহার নিশ্চিত করা যেতে পারে অবকাঠামোর। কমিশনের প্রধান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, “শুধু ভবন করলেই হয় না, চালাতে হলে দক্ষ জনবল লাগে। সেটা কোথায়?” তিনি আরও বলেন, “যদি অন্য খাতকে এসব দেওয়া হয়, তাহলে ভবনগুলো কাজে আসতে পারে। না হলে এভাবেই পড়ে থাকবে।”

