নৌবাহিনীর হাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল, ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে ভাবনা দীর্ঘমেয়াদে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব সাময়িকভাবে বাংলাদেশ নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। আগামী ৭ জুলাই সাইফ পাওয়ারটেকের মেয়াদ শেষ হওয়ার পর নৌবাহিনী এই টার্মিনাল পরিচালনা করবে ছয় মাসের জন্য।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “সাইফ পাওয়ারটেক দীর্ঘদিন ধরে কাজ করছে। তাদের মেয়াদ শেষ হলে আমরা আরও ছয় মাস সময় দিয়েছিলাম। সেটাও শেষ হয়ে যাচ্ছে। এবার আর মেয়াদ বাড়ানো হচ্ছে না।”
উপদেষ্টা জানান, বন্দর কর্তৃপক্ষের পক্ষে এই মুহূর্তে টার্মিনাল পরিচালনা করা কঠিন হবে। কারণ একই জনবল দিয়ে সব কাজ চালানো সম্ভব নয়। এ কারণে সব দিক বিবেচনায় নিয়ে সাময়িকভাবে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এম সাখাওয়াত হোসেন বলেন, “গতকাল সরকারের উচ্চ পর্যায় থেকে ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে। এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী বিধি অনুযায়ী অপারেটর নিয়োগ করতে পারবে এবং তাদের সঙ্গে চুক্তি করতে পারবে।” তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি সরকারের চিন্তাভাবনায় আছে।

