এ বছরের পয়লা বৈশাখে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আকাশ আলোকিত হয়েছিল এক ব্যতিক্রমী ড্রোন শোতে। সন্ধ্যার পর শত শত ড্রোন ও লেজার রশ্মির মাধ্যমে ভিন্নধর্মী সব চিত্র তুলে ধরা হয় আকাশে। ঢাকায় এর আগে এত বড় ড্রোন শো আর দেখা যায়নি।
এই ড্রোন শো আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। প্রযুক্তিগত সহায়তা দেয় চীন সরকার। শোটি পরিচালনা করে চীনা প্রতিষ্ঠান সিপিএ থিয়েটার্স ডেভেলপমেন্ট কোম্পানি। ওই প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের ক্ষেত্রে ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ জুন এনবিআরের মূসক বিভাগ এ–সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে।
এনবিআর সূত্র জানিয়েছে, ড্রোন শো পরিচালনার জন্য বাংলাদেশ সরকার সিপিএ থিয়েটার্স ডেভেলপমেন্ট কোম্পানিকে ৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এই অর্থ এসেছে চীন সরকারের দেওয়া অনুদান থেকে।
বিশেষ আদেশে এনবিআর জানিয়েছে, জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে আয়োজিত এই ড্রোন শো বাণিজ্যিক উদ্দেশ্যে ছিল না। চীনা কোম্পানির মুনাফা অর্জনের উদ্দেশ্যও ছিল না। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থ শুধু ড্রোন ভাড়া ও আনানেয়া বাবদ খরচ হয়েছে। তাই এই পরিশোধিত অর্থে ভ্যাট আরোপ করা হয়নি।
পয়লা বৈশাখের সেই শোতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতি ও থিমের মাধ্যমে। শোতে ছিল ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙার প্রতীক, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ–চীন বন্ধুত্বের বার্তা।

