ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। এতে তিনি দেখিয়েছেন— কীভাবে বিশ্বের নামী-দামি প্রযুক্তি, অস্ত্র, নির্মাণ, পর্যটন ও বিনিয়োগ খাতের অন্তত ৪৮টি আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের দখলদারিত্ব ও গাজায় চলমান গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করছে।এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় এক সংবাদ সম্মেলনে প্রকাশিত হবে। তাতে বলা হয়েছে— যুক্তরাষ্ট্রের মাইক্রোসফট, গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট, অ্যামাজন, সুইডেনের ভলভো, যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, ব্ল্যাকরক ও ভ্যানগার্ডসহ বহু বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত।
আলবানিজ বলেন, এসব কোম্পানির অংশগ্রহণ ছাড়া ইসরায়েল এতদিন ধরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দখলদারি ও গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারত না।
বিভিন্ন খাতে জড়িত প্রতিষ্ঠানগুলো
সামরিক সরঞ্জাম সরবরাহকারী
- লকহিড মার্টিন (যুক্তরাষ্ট্র) ও লিওনার্দো এসপিএ (ইতালি)— ইসরায়েলকে যুদ্ধবিমান, বোমা ও সামরিক ড্রোন সরবরাহ করেছে, যা গাজায় ব্যবহৃত হচ্ছে।
প্রযুক্তি ও নজরদারি
- মাইক্রোসফট, গুগল (অ্যালফাবেট), অ্যামাজন, আইবিএম— নজরদারি প্রযুক্তি ও বায়োমেট্রিক তথ্য ব্যবস্থাপনায় ইসরায়েলকে সহায়তা করছে।
- প্যালান্টির টেকনোলজিস— ইসরায়েলি সেনাবাহিনীকে এআই (AI) প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তু নির্ধারণে সাহায্য করেছে।
নির্মাণ ও যন্ত্রপাতি
- ক্যাটারপিলার (যুক্তরাষ্ট্র), ভলভো (সুইডেন), হুন্ডাই (দক্ষিণ কোরিয়া)— এসব কোম্পানির ভারী যন্ত্রপাতি ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসে ও অবৈধ বসতি নির্মাণে ব্যবহৃত হচ্ছে।
পর্যটন ও আবাসন
- বুকিং.কম ও এয়ারবিএনবি— দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতিতে হোটেল ও আবাসন সেবা দিচ্ছে এবং সেখান থেকে লাভবান হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ
- ড্রামন্ড কোম্পানি (যুক্তরাষ্ট্র) ও গ্লেনকোর (সুইজারল্যান্ড)— ইসরায়েলকে কয়লা সরবরাহ করছে, যা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়।
বিনিয়োগকারী প্রতিষ্ঠান
- ব্ল্যাকরক ও ভ্যানগার্ড— এসব প্রতিষ্ঠান অভিযুক্ত কোম্পানিগুলোর শীর্ষ বিনিয়োগকারী হিসেবে তালিকাভুক্ত।
প্রতিবেদনটি বলছে, এই কোম্পানিগুলোর মানবাধিকার লঙ্ঘন এড়ানোর আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে। তা সত্ত্বেও তারা ইসরায়েলের সঙ্গে কার্যকর অংশীদারিত্বে যুক্ত থেকে মানবাধিকার লঙ্ঘনে সহায়তা করছে। এর ফলে এসব কোম্পানি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) আওতায় বিচারের মুখোমুখি হতে পারেন।
জাতিসংঘের এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন সংকট নিয়ে কর্পোরেট দুনিয়ার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্কের সূত্রপাত করতে পারে।

