ভিয়েতনামের সঙ্গে এক চূড়ান্ত মুহূর্তের আলোচনার পর নতুন এক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। বুধবার (স্থানীয় সময়) এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ভিয়েতনামি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।
(খবর বিবিসি)
এর আগে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে ভিয়েতনামের পণ্যে ৪৬ শতাংশ শুল্ক কার্যকরের কথা ছিল। এপ্রিল মাসে ঘোষিত পাল্টা শুল্কনীতির অংশ হিসেবে এই কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন চুক্তিতে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যে কোনো শুল্ক নেবে না। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘ভিয়েতনাম এমন কিছু করতে যাচ্ছে যা তারা আগে কখনো করেনি—আমেরিকাকে তাদের বাজারে পূর্ণ প্রবেশাধিকার দেবে। অন্য কথায়, তারা তাদের বাজার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের জন্য উন্মুক্ত করবে, যার মানে আমাদের পণ্য শূন্য শুল্কে ভিয়েতনামে বিক্রি করা যাবে।’
তবে চুক্তির একটি বড় শর্ত হলো, ট্রান্স-শিপিং প্রক্রিয়ায় ভিয়েতনামের মাধ্যমে অন্য দেশ থেকে আসা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৪০ শতাংশ শুল্ক আরোপ করবে। মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য ও উৎপাদন সংক্রান্ত জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো জানান, ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় এক-তৃতীয়াংশ পণ্য আসলে চীনের, যা ভিয়েতনামের বন্দর ব্যবহার করে চালান করা হয়।
বর্তমানে নাইকি, অ্যাপল, গ্যাপ, লুলুলেমনসহ বহু বহুজাতিক ব্র্যান্ড ভিয়েতনামকে তাদের প্রধান উৎপাদন ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম দফার শুল্ক আরোপের পর এসব কোম্পানি তাদের উৎপাদন কারখানা চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নিয়েছিল।
চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর ভিয়েতনামে উৎপাদনকারী কোম্পানির শেয়ারদামে প্রাথমিকভাবে ঊর্ধ্বগতি দেখা গেলেও, ২০ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় পরে বাজারে কিছুটা মন্দাভাব ফিরে আসে।

