দেশের গুদামে চাল ও গমের মজুদ বেড়েছে, মজুদের পরিমাণ গত বছরের চেয়ে প্রায় ৩ লাখ মেট্রিক টন বেশি। চলতি অর্থবছরের শুরুতে গুদামে মোট ১৭.৬৪ লাখ মেট্রিক টন চাল ও গমের মজুদ রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই গুদামে চাল ও গমের মজুদ ছিল ১৪.৭৩ লাখ মেট্রিক টন। এর মধ্যে চাল ছিল ১০.৬০ লাখ টন এবং গম ছিল ৪.১৩ লাখ টন। নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে ১৫.৪১ লাখ মেট্রিক টনে পৌঁছেছে। অন্যদিকে, গমের মজুদ কমে ২.২৩ লাখ টনে নেমেছে। এর কারণ, অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের তুলনায় বেশি গম বিতরণ করা হয়েছে।

