ফসলের মাঠে যেখানে রাসায়নিক বিষ প্রয়োগেও ইঁদুরের উপদ্রব কমানো যাচ্ছে না, সেখানে প্রকৃতির নিঃশব্দ এক যোদ্ধা বছরের পর বছর ধরে কৃষকের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে নাম তার দাঁড়াশ সাপ। দাঁড়াশ সাপ বাংলাদেশের অন্যতম পরিচিত একটি সাপ, যা পুরোপুরি বিষমুক্ত। এর প্রধান খাবার হলো ইঁদুর। মাঠে ঘাটে লুকিয়ে থেকেই এই সাপটি ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং কৃষকের অজানা বন্ধু হিসেবে কাজ করে। গবেষণা বলছে, একটি দাঁড়াশ সাপ প্রায় ৩ বিঘা জমির ইঁদুর নিধন করতে সক্ষম। এই কারণে একে ‘কৃষকের বন্ধু’ বলা হয়।
গ্রামবাংলার কৃষিনির্ভর সমাজে দাঁড়াশ সাপ এক নিঃশব্দ যোদ্ধার মতো কাজ করে চলেছে—কৃষকের শত্রু ইঁদুর দমন এবং পরিবেশ রক্ষায়। সাধারণত সাপ বললেই মানুষ ভয় পায়, আতঙ্কে থাকে। কিন্তু এই সাপটি আসলে বিষাক্ত নয়, বরং প্রকৃতির অন্যতম উপকারী প্রাণী এবং কৃষকের বিশ্বস্ত সহচর।
বর্তমান কৃষি পরিস্থিতিতে যেখানে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বাড়ছে এবং এর প্রভাবে মাটির উর্বরতা ও পরিবেশ দুটোই হুমকির মুখে, সেখানে দাঁড়াশ সাপ হতে পারে টেকসই কৃষির একটি প্রাকৃতিক সমাধান। অনেকেই না বুঝে সাপ দেখলেই হত্যা করে ফেলেন। অথচ এই ভুল ধারণা থেকে মানুষ প্রতিনিয়ত মেরে ফেলছে একটি প্রজাতিকে, যা একদিকে কৃষির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও অনন্য ভূমিকা রাখছে।
দাঁড়াশ সাপ, যার বৈজ্ঞানিক নাম Ptyas Mucosa এবং ইংরেজি নাম Rat Snake, দেখতে হালকা বাদামি ও কালচে রঙের হয়। বেশিরভাগ সময় এটিকে বিষধর গোখরো সাপ মনে করে মানুষ মেরে ফেলে। অথচ এটি সম্পূর্ণ নির্বিষ। সাধারণত ধানক্ষেত, খামারঘর, বাঁশঝাড়, পুকুরপাড়, কিংবা বসতবাড়ির আশপাশেই দেখা যায় এদের।
এই সাপের প্রধান খাদ্য ইঁদুর, যা কৃষকের ফসলের প্রধান শত্রু। ফসলি জমি, গোলাঘর বা বসতঘরের আশেপাশে ইঁদুরের প্রজনন ব্যাপক হারে ঘটে। একটিমাত্র পূর্ণবয়স্ক ইঁদুর বছরে ৭ থেকে ৮ বার বাচ্চা দিতে পারে, আর প্রতিবার ৬ থেকে ১২টি পর্যন্ত জন্ম নেয় । অর্থাৎ একটি ইঁদুর থেকেই বছরে গড়ে ৬৪ থেকে ১০০টি নতুন ইঁদুর জন্মাতে পারে। এভাবে কয়েক প্রজন্মের মধ্যে তা কয়েক হাজারে পৌঁছায়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরসি)-এর তথ্য অনুযায়ী, প্রতি বছর ইঁদুরের আক্রমণে দেশের ১০ থেকে ১৫ শতাংশ ফসল নষ্ট হয়। এই ক্ষতির অর্থমূল্য বছরে প্রায় ১ হাজার কোটি টাকারও বেশি, যা কৃষক ও দেশের অর্থনীতির জন্য বড় একটি বিপর্যয়।
একটি ইঁদুর বছরে গড়ে প্রায় ২০০ টাকার ফসল বিনষ্ট করে। দাঁড়াশ সাপ বছরে ৫০ থেকে ৬০টি ইঁদুর খেয়ে ফেলে, যা বেঁচে থাকলে তাদের প্রজনন থেকে তৈরি হতো হাজার হাজার নতুন ইঁদুর। ফলে একটি দাঁড়াশ সাপ পরোক্ষভাবে বছরে প্রায় ১৬ লাখ টাকার মতো ফসল রক্ষা করতে পারে। এটি শুধু পরিসংখ্যান নয়, বাস্তব ক্ষেত্রেও দাঁড়াশের অবদান এতটাই বড়।
দাঁড়াশ সাপ মূলতঃ ধানসহ অন্যান্য ফসলি জমিতে ইঁদুর শিকারে নিয়োজিত থাকে। সাধারণত একটি দাঁড়াশ সাপ প্রায় তিন একর এলাকার মধ্যে বিচরণ করে এবং দিনে গড়ে ২–৩টি ইঁদুর খেয়ে ফেলে। বর্তমানে সারা পৃথিবীতে স্বাস্থ্যকর ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের জন্য পরিবেশবান্ধব জৈব চাষের দিকে ঝুঁকছে সবাই। এই জৈব কৃষি পদ্ধতিতে দাঁড়াশ সাপ একটি অত্যন্ত উপকারী প্রাণী। রাসায়নিক বিষ দিয়ে ইঁদুর মারার বদলে দাঁড়াশ প্রাকৃতিকভাবেই ইঁদুর নিয়ন্ত্রণ করে, যা পরিবেশের জন্য অনেক বেশি নিরাপদ ও কার্যকর।ফলে একই সাথে ফসল রক্ষা এবং কীটনাশকের ওপর নির্ভরতা হ্রাস—দুই দিকেই এই সাপের অবদান রয়েছে।
বাংলাদেশে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্য অনুযায়ী, ইঁদুর বছরে দেশের প্রায় ১৫ শতাংশ খাদ্যশস্য ধ্বংস করে। এই ক্ষতির বড় অংশই এড়ানো যেত দাঁড়াশ সাপের অস্তিত্ব রক্ষা করা গেলে। কিন্তু দুঃখজনকভাবে, অজ্ঞতা ও কুসংস্কারের কারণে দাঁড়াশ সাপ প্রতিনিয়ত মানুষের হাতে প্রাণ হারাচ্ছে। এখনো অনেক গ্রামবাসী বুঝতে পারেন না কোন সাপ বিষধর আর কোনটি নিরীহ।
যে জমিতে দাঁড়াশ সাপ বাস করে, সেখানে ইঁদুরের উপদ্রব কম থাকে। কারণ দাঁড়াশ স্বাভাবিকভাবেই ইঁদুর খেয়ে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু এই উপকারী প্রাণীটিকে না চিনে মেরে ফেলা মানে হলো কৃষকের ক্ষতিকর শত্রু ইঁদুরকে রক্ষা করা। দুঃখজনক হলেও সত্য, এখনো অনেক কৃষক এই বিষয়টি জানেন না।
বাংলাদেশের গ্রামের মানুষদের মধ্যে এখনো সাপ মানেই ভয় আর মৃত্যু, এমন একটা ভুল ধারণা প্রচলিত আছে। দাঁড়াশ সাপটি দেখতে বড় হওয়ায় অনেকেই একে ভুল করে ‘গোখরা’ বা ‘বিষাক্ত সাপ’ ভেবে ভয় পেয়ে মেরে ফেলে। অথচ এই সাপ একদমই বিষহীন এবং মানুষের কোনো ক্ষতি করে না। বরং এটি চুপিচুপি কৃষকের মাঠে ঘুরে বেড়িয়ে ইঁদুর খেয়ে ফসল বাঁচায়।
২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দাঁড়াশ একটি সংরক্ষিত প্রাণী। কিন্তু সচেতনতার অভাবে গ্রামের অনেক জায়গা থেকে এই উপকারী সাপটি হারিয়ে যাচ্ছে। এটি প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যের জন্য একটি বিপদের সংকেত।
এভাবে একদিকে যেমন একটি প্রজাতি বিলুপ্তির পথে, তেমনি কৃষি আরও বেশি রাসায়নিক নির্ভর হয়ে উঠছে। ফলে বাড়ছে পরিবেশদূষণ, কমছে মাটির উর্বরতা, আর মানুষও পড়ছে স্বাস্থ্যঝুঁকিতে। অথচ দাঁড়াশ সাপ প্রাকৃতিক খাদ্যচক্রে মধ্যবর্তী শিকারি হিসেবে কাজ করে। এটি যেমন ইঁদুর খায়, তেমনি নিজেরাও পাখি বা বড় প্রাণীর খাদ্য হয়। এই প্রাকৃতিক ভারসাম্যের চক্র ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষি ও পরিবেশ উভয়ই।
দাঁড়াশ সাপ রক্ষা করা জরুরী: দাঁড়াশ সাপ এক ধরনের নির্বিষ সাপ, যা মানুষের কোনো ক্ষতি করে না। বরং এটি ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কিন্তু এই উপকারী প্রাণীটির সংখ্যা এখন দ্রুত কমে যাচ্ছে। এর পেছনে প্রধান কারণ হলো—আবাসস্থল ধ্বংস, বনজঙ্গল উজাড়, রাস্তা-ঘরবাড়ি নির্মাণ এবং মানুষ দ্বারা নির্বিচারে হত্যা।
এই অবস্থার পরিবর্তনে দরকার সরকারি উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং সঠিক তথ্য প্রচার। স্কুল, কলেজ, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এবং গণমাধ্যমের মাধ্যমে মানুষকে জানাতে হবে দাঁড়াশ সাপ বিষাক্ত নয়, বরং পরিবেশের বন্ধু। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় প্রশাসনের উদ্যোগেও দাঁড়াশ সম্পর্কে প্রচার বাড়াতে হবে। তাছাড়া এই সাপের বৈশিষ্ট্য ও তাদের উপকারিতা সম্পর্কে জানাতে হবে এবং সাপ দেখলে ভয় না পেয়ে এড়িয়ে চলতে উৎসাহিত করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী দাঁড়াশসহ সব বন্যপ্রাণী রক্ষার জন্য কঠোর নিয়ম-কানুন আছে। কিন্তু দুঃখজনক অনেক মানুষ এসব নিয়ম সম্পর্কে জানে না। সচেতনতার অভাবে এই আইন বাস্তবে ঠিকভাবে কার্যকর হচ্ছে না। তাই এই আইন বাস্তবায়নও জোরদার করতে হবে, যাতে নির্বিষ সাপ হত্যাকারীরা কেউ যেন অপরাধ করে পার না পায়।
সাপ নয়, দাঁড়াশ আমাদের মাঠের বন্ধু। তার অস্তিত্ব টিকিয়ে রাখা মানেই কৃষিকে টিকিয়ে রাখা, টেকসই ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। দাঁড়াশ সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। তাই একে রক্ষা করা মানে প্রকৃতিকে রক্ষা করা। সাপ ধরার জন্য ফাঁদ পাতা থেকেও বিরত থাকা উচিত, কারণ দাঁড়াশ সাধারণত মানুষের ভয় পেয়ে নিজেই সরে যায়। তাদের বিরক্ত না করে শান্তিতে থাকতে দিলেই এরা পরিবেশ ও কৃষকের উপকারে আসতে পারে।

