গত তিন দিন আগে আমি ঢাকার নারায়ণগঞ্জে তিন মণ হাঁড়িভাঙ্গা আম কুরিয়ার করে পাঠিয়েছি। আমের সাইজ ছিল ভালো, দেখতে সুন্দর ছিল। প্যাকিংও খুব যত্নে করেছি। ভেবেছিলাম গ্রাহক খুশি হবে। কিন্তু গতকাল একজন গ্রাহক ফোন করে বললেন, আমের সাইজ ও রঙ ভালো, তবে স্বাদ কম। আমি বেশ বিব্রত হয়েছি। এই কথা বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও মৌসুমি আম বিক্রেতা নাজিউর রহমান। তিনি জানান, তার মতো অনেক বিক্রেতার কাছে এ ধরনের অভিযোগ এসেছে। গত বছর তিনি তিনশ মণ আম পাঠিয়েছিলেন, তখন কেউ স্বাদ নিয়ে এমন অভিযোগ করেনি।
অন্য একজন আম বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাড়ি ঠাকুরগাঁও। ঢাকায় পড়াশোনা করি। পাঁচ বন্ধু মিলে আমের ব্যবসা করছি। এবার আম পাঠানো শুরু করেছি। আমের সাইজ ও রঙ বেশ ভালো, যে কেউ পছন্দ করবে। কিন্তু স্বাদ নিয়ে কিছু অভিযোগ আসছে।’
স্থানীয় চাষি ও বিক্রেতারা জানান, গত কয়েক বছর ধরেই রংপুরের আঁশবিহীন সুমিষ্ট হাঁড়িভাঙ্গা আমের স্বাদে কিছুটা পরিবর্তন এসেছে। বড় ও মাঝারি সাইজের আম কিছুটা পানসে পড়ছে। রংপুরের বিভিন্ন হাট, বাজার, রাস্তার মোড়ে রিকশা, ভ্যান ও বাইসাইকেলে চাষি ও ফড়িয়ারাও আম বিক্রি করছেন। তবে এবারের বাজারে ভিড় আগের তুলনায় কম। দাম কমে যাওয়ায় চাষি ও বাগান মালিকরা উদ্বিগ্ন। দীর্ঘমেয়াদি এই অবস্থা চললে আঞ্চলিক অর্থনীতিতে বড় ধাক্কা পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
বিজ্ঞানীরা বলছেন, আমের স্বাদ কমে যাওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম নিচু জমিতে বাগান করা, বর্ষায় গাছের গোড়ায় পানি জমে থাকা, ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার এবং ‘কালটার্ড’ নামে হরমোন প্রয়োগের প্রবণতা। এছাড়া জেলিসিড (আমের আঁটির গোঁড়ায় দ্রুত পচন) সমস্যাও আম দ্রুত নষ্ট হওয়ার একটি বড় কারণ। এই নিয়ে গবেষণাও শুরু হয়েছে।
২০২২ সালের ২৩ মে রংপুরের বুড়িরহাট কৃষি গবেষণা ইনস্টিটিউটে হাঁড়িভাঙ্গা আমের ‘সেলফ লাইফ’ বাড়ানোর ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে রংপুর অঞ্চলের কৃষি ও বিপণন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ বছর রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ ও সদরসহ বিভিন্ন উপজেলায় ১,৯১৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। কৃষি বিভাগ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২৯,৮৫১ মেট্রিক টন। প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হলে প্রায় ২০০ কোটি টাকার বেশি লেনদেন হবে বলে আশা করা হচ্ছে। হাঁড়িভাঙ্গা আমের চাষ ও বিপণন প্রতিবছরই বাড়ছে। দেশের অন্য প্রান্তেও এর চাষ শুরু হয়েছে।
গতকাল শনিবার পদাগঞ্জের বড় আমবাজারে দেখা গেছে, গত বছর মণপ্রতি ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হওয়া আম এবার ১২০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ফড়িয়া ও মৌসুমি উদ্যোক্তাদের আগমণও আগের চেয়ে অনেক কম। কেজিপ্রতি দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। বাগান মালিকদের অভিযোগ, গরমের কারণে এবার আম বাজারে অনেক আগে এসেছে। প্রতি বছর সরকারিভাবে ১৫ থেকে ২০ জুন আম বাজারে আনা হতো। এবার বাইরের পাইকাররা ঠিকমতো আসেনি।
মিঠাপুকুরের পদাগঞ্জ ও বদরগঞ্জ এলাকায় দেখা গেছে, উঁচু জমি, বাড়ির আঙিনা ও রাস্তার ধারে আমগাছের সারি রয়েছে। কিন্তু নিচু জমি ও ধানের জমিতেও বাগান করা হয়েছে। বাজারে ছোট সাইজের আম মণপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকা, মাঝারি সাইজের ১১০০ থেকে ১৪০০ টাকা, বড় সাইজের ১৬০০ থেকে ২২০০ টাকা বিক্রি হচ্ছে। চাষিরা আশা করছেন দাম আরও বাড়বে।
আম চাষি মেহেদী হাসান বলেন, ‘এবার বৃষ্টি কম হয়েছে, আম ভালো ধরেছে। তবে গাছের যত্ন ও ওষুধে খরচ বেশি হয়েছে। দাম না পেলে লাভ হবে না, কিন্তু দাম কম। বাগান মালিক আমিনুল ইসলাম বলেন, ‘আগে নিচু জমিতে আম চাষ হতো না। এখন ধানের জমিতেই বাগান হচ্ছে, যেখানে বর্ষায় পানি জমে। সেই আমের স্বাদ কম। উঁচু লাল মাটির জমির আম সুস্বাদু হয়। কেনার সময় ভালো করে দেখে কিনতে হবে।’
রংপুর বুড়িরহাট কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, ‘আমের প্রধান সমস্যা জেলিসিড। এতে আঁটির চারপাশের মাংস গলে যায়। আমরা গবেষণায় দেখেছি আঁশযুক্ত আমে জেলিসিড কম হয়। ক্যালসিয়াম ও পটাসিয়ামের অভাবে জেলিসিড বৃদ্ধি পায়। কৃত্রিমভাবে এই উপাদান সরবরাহ করে জেলিসিড কমানো যায় কি না, তা নিয়ে গবেষণা চলছে।’
তিনি আরও জানান, বারি-৪ ও সুর্যাপুরি জাতের সঙ্গে হাঁড়িভাঙ্গা মিশিয়ে হাইব্রিড করা যায় কি না সেটাও ভাবা হচ্ছে। জেলিসিড কমাতে ইউরিয়া কমানো, জৈব সার বাড়ানো, ক্যালসিয়াম ও পটাসিয়াম দেওয়া, লাল মাটিতে চাষ করা এবং বর্ষায় দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দেন তিনি।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মোরশেদ হোসেন বলেন, ‘হাঁড়িভাঙ্গা আম সুস্বাদু, মাংস বেশি, তবে পাকলে তিন দিনের বেশি টেকেনা। এজন্য রপ্তানিকারকরা ভয় পান। সেলফ লাইফ বাড়ানোর গবেষণা দ্রুত প্রয়োজন। কারণ এই আমের কারণে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। ধাক্কা লাগলে অর্থনীতিতেও প্রভাব পড়বে।’
রংপুর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা শাহীন আহমেদ জানান, ‘এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৯,৮৫১ মেট্রিক টন। প্রাকৃতিক দুর্যোগ না হলে তা পূরণ হবে। চাষিরা যাতে বিক্রি করতে অসুবিধায় না পড়ে, সেজন্য সারা দেশের প্রায় একশ ফল ব্যবসায়ীর মোবাইল নম্বর লিফলেট আকারে বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজার ধরার চেষ্টা চলছে।’

