বাংলাদেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাত এক ভয়াবহ সঙ্কটে পড়েছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তিন মাসেই এই খাতে খেলাপি ঋণ বেড়েছে ২,১০০ কোটি টাকা, যার ফলে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৭,১৮৯ কোটি টাকায়। যা এনবিএফআই খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় ৩৫ শতাংশের বেশি। এমন ঊর্ধ্বমুখী খেলাপির প্রবণতা গোটা আর্থিক ব্যবস্থার ওপরই ছায়া ফেলছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের মার্চ পর্যন্ত এনবিএফআই খাতের মোট ঋণ দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯৮৭ কোটি টাকা। গত ডিসেম্বরে যা ছিল ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। অর্থাৎ ঋণ বেড়েছে ১,৫৩৭ কোটি টাকা, অথচ খেলাপি ঋণ বেড়েছে তার চেয়েও বেশি—২,১০০ কোটি টাকা। শুধু নতুন ঋণ নয়, পুরোনো অনেক বিলম্বিত ঋণও এখন খেলাপিতে পরিণত হচ্ছে।

এই খাতে দুর্বলতার অন্যতম বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, ও দুর্নীতিকে। পি কে হালদারের মতো কেলেঙ্কারি যেখানে কয়েক হাজার কোটি টাকা লোপাট হয়েছে—সেই ক্ষত এখনও শুকায়নি। এ ছাড়া বহু প্রতিষ্ঠান ঋণ আদায়ে ব্যর্থ, আবার অনেকেই গ্রাহকের আস্থা হারিয়ে আমানত সংগ্রহেও হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, “সব এনবিএফআই খারাপ নয়, কিছু ভালো প্রতিষ্ঠানও আছে। কিন্তু সামগ্রিক খেলাপির হার ৩৫ শতাংশ—এটা মোটেই স্বাভাবিক নয়। এই খাতকে পুনর্গঠন করতেই হবে।” তিনি আরও জানান, ব্যাংকের মতো এনবিএফআই খাতেও ‘প্রম্পট কারেক্টিভ অ্যাকশন’ (PCA) ও ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ কার্যকর করার চিন্তা চলছে।
সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের পক্ষ থেকে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, অন্তত ১৫টি এনবিএফআই বর্তমানে এতটাই ক্ষতিগ্রস্ত যে, তাদের প্রায় ৯৯ শতাংশ ঋণই খেলাপি। এসব প্রতিষ্ঠান বিলুপ্ত করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। তাদের লাইসেন্স বাতিলের বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গভর্নর বলেন, “আমরা চাই না কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হোক, যদিও আইনের চোখে সরকার এসব আমানতের জন্য দায়ী নয়। তবুও নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা ডিপোজিটরদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।”
এনবিএফআই খাতের সংকট কেবল এখানেই শেষ নয়। প্রতিযোগিতার বাজারে ব্যাংকের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানই পিছিয়ে পড়ছে। তারল্য সংকট, আমানতের অভাব এবং পুনঃতপশিল ঋণ খেলাপিতে পরিণত হওয়ায় দিন দিন বাড়ছে ধসের আশঙ্কা।
অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি মনে করেন, রাজনৈতিক পরিবর্তনের পর অনেক ‘লুকানো খেলাপি’ ঋণের তথ্য প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, “আগে অনেকেই রাজনৈতিক প্রভাবে ঋণ নিয়ে সেটাকে খেলাপি করেননি। এখন প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। দুর্বল ব্যাংক আর এনবিএফআই মিলিয়ে পুরো খাতেই দুর্নীতির জাল বিস্তৃত ছিল।”
সবশেষে প্রশ্ন থেকে যায়—এই পরিস্থিতি থেকে উত্তরণ কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, ঋণ বিতরণ ও আদায়ে স্বচ্ছতা, শক্তিশালী তদারকি, পরিচালনায় জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এই খাতের আস্থার সঙ্কট কেটে উঠবে না।

