মতিঝিল থেকে কমলাপুর—ঢাকা মেট্রোরেল লাইন-৬ এর স্বপ্ন আরও এক ধাপ এগোচ্ছে। যদিও চলতি বছরের ডিসেম্বরে এই বর্ধিত অংশে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা ছিল, ঠিকাদার নিয়োগে জটিলতার কারণে থমকে যায় কাজ। তবে নতুন করে সেই অচলাবস্থার অবসান ঘটেছে। শিগগিরই আবার শুরু হচ্ছে নির্মাণ। তবে এতে ব্যয় বেড়েছে প্রায় ৭০ শতাংশ।
জানা গেছে, আগের বরাদ্দ অনুযায়ী ঠিকাদার কাজ করতে রাজি হচ্ছিল না। কারণ হিসেবে উঠে এসেছে—পণ্যের মূল্য বৃদ্ধি, ডলারের বাজার উন্মুক্ত হওয়া, কাঁচামাল সরবরাহে জটিলতা ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়া। ফলে, বরাদ্দকৃত টাকার চেয়ে অনেক বেশি দর দাবি করেন ঠিকাদার।
২০২০-২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (আরডিপিপি) ‘ইলেকট্রোমেকানিক্যাল’ খাতে বরাদ্দ ছিল ২৭৪ কোটি টাকা। কিন্তু নতুন চুক্তি করা হয়েছে ৪৬৫ কোটি টাকায়। যদিও দরপত্রে প্রথমে দাবি করা হয়েছিল প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা।
মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে দুই ভাগে—অবকাঠামো ও কারিগরি। অবকাঠামোর কাজ বেশ এগিয়ে গেলেও কারিগরি কাজেই দেখা দেয় জট। বৈদ্যুতিক ব্যবস্থা, ট্রেনের স্বয়ংক্রিয় দরজা, সিগন্যাল, লিফট, এক্সেলেটর, সিসিটিভি, মনিটরিং সিস্টেম—সবই পড়ে ‘ইলেকট্রোমেকানিক্যাল’ ক্যাটাগরিতে। এই কাজগুলোর সঙ্গতি না থাকায় ধাক্কা খায় প্রকল্প।
ডিএমটিসিএল সূত্র জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যারা যেসব কারিগরি কাজ করেছে, তাদের হাতেই কমলাপুর অংশের দায়িত্ব দিচ্ছে সরকার। কারণ নতুন ঠিকাদার এ প্রযুক্তিগত সমন্বয় করতে পারতেন না। আবার নতুন করে দরপত্র আহ্বান করতে গেলে সময় লাগত আরও বেশি।
মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। ফলে তাদের অনুমতি ও অংশগ্রহণ ছাড়া ঠিকাদার নিয়োগ করা সম্ভব নয়। জাইকার নিয়ম অনুযায়ী উন্মুক্ত দরপত্র আহ্বান করতে হতো, যার প্রক্রিয়া সময়সাপেক্ষ এবং নতুন প্রস্তাবে খরচ কমবে কি না, তা-ও নিশ্চিত নয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “প্রথমে রিভিউ করতে বলেছিলাম। পরে জাইকার চুক্তির কারণে তাদের সঙ্গে চলতে হচ্ছে। তবে দর আলোচনা করে প্রায় ২০০ কোটি টাকা কমানো গেছে।”
প্রকল্প পরিচালক মো. জাকারিয়া জানান, “প্রতিদিন গড়ে যাত্রীপ্রতি ৪৬ টাকা আয় হয়। কমলাপুর অংশ দেরিতে চালু হলে বছরে সরকার অন্তত ১২৬ কোটি টাকা রাজস্ব হারাবে।”
এ ছাড়া আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ায় প্রকল্পে খরচ বেড়েছে। একই সঙ্গে অল্প পরিমাণ পণ্যের জন্য উৎপাদকদের আগ্রহ কমে গেছে, যার ফলে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব মিলে ঠিকাদার বেশি দাম চেয়েছেন এবং ডিএমটিসিএল তা মেনে নিয়েছে।
গত ২২ এপ্রিলের ডিএমটিসিএল বোর্ড সভার আগেই উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বৈঠক করে মন্ত্রণালয়কে বিষয়টি ব্যাখ্যা করে। তারা জানান, নতুন ঠিকাদার আনলে আরও দেরি হবে, তাতে সরকার রাজস্ব হারাবে এবং বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সব দিক বিবেচনায় বর্তমান ঠিকাদারদের সঙ্গে নতুন শর্তে চুক্তি করাই বেছে নেয়া হয়েছে।

