Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকিং খাতে লোপাটের গল্প থামছেই না
    অর্থনীতি

    ব্যাংকিং খাতে লোপাটের গল্প থামছেই না

    কাজি হেলালজুলাই 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের ব্যাংকিং খাত এক সময় ছিল স্থিতিশীল অর্থনীতির চালিকাশক্তি, বিনিয়োগের ভিত্তি ও সাধারণ মানুষের সঞ্চয়ের আশ্রয়স্থল। বছরের পর বছর ধরে ক্ষমতার অপব্যবহার, নিয়ন্ত্রণকারী সংস্থার দুর্বলতা এবং রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে একটি ‘লোপাট অর্থনীতি’। যেখানে জনগণের সঞ্চিত অর্থ কিছু প্রভাবশালী গোষ্ঠীর সম্পদে রূপান্তরিত হচ্ছে, কোনরূপ জবাবদিহিতা ছাড়াই।

    ব্যাংকের ‘লোন রিস্ক ম্যানেজমেন্ট’ এখন যেন শুধু নিয়মরক্ষার এক প্রক্রিয়া। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে চিহ্নিত দুর্বলতা এবং বেসরকারি ব্যাংকগুলোতে পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহার, এই দুই মিলিয়েই তৈরি হয়েছে এক গভীর সংকট। কোটি কোটি টাকা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়ার পরও অপরাধীরা বেশিরভাগ সময়ই থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাহিরে।

    রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি, প্রায় প্রতিটি ব্যাংকই কোনো না কোনোভাবে অনিয়মে জড়িয়ে পড়েছে। যাদের জবাবদিহি করার কথা, তারাই কখনো নীরব, কখনো আবার সক্রিয় সুবিধাভোগী। অর্থ লোপাট এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি যেন এক ধারাবাহিক চিত্র, যার শেষ কোথায় তা কেউ জানে না।

    অব্যাহত ঋণ কেলেঙ্কারি: বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন এক গভীর সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে প্রায় ৩ লাখ ৪২ হাজার কোটি টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ এগুলো পুরোপুরি “ব্যাড লোন” বা অনাদায়ী ঋণ হিসেবে বিবেচিত। যা মোট ঋণের প্রায় ২০ শতাংশ।

    এই ঋণ চিত্র শুধু উদ্বেগজনক নয়, বরং ব্যাংকিং খাতকে এক বিপজ্জনক সংকটের মুখে ঠেলে দিয়েছে। সবচেয়ে হতাশাজনক দিক হলো, এই পরিস্থিতির বোঝা পড়ছে মূলতঃ সৎ ও সাধারণ গ্রাহকদের ওপরই। যারা নিয়মিত কিস্তি পরিশোধ করে ব্যাংকের প্রতি আস্থা বজায় রেখেছে। আর খেলাপী ঋণ, এমন ঋণ, যা আদায়যোগ্য নয় বলেই ধরা হচ্ছে অর্থাৎ এই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

    এমন বিপুল পরিমাণ অনাদায়ী ঋণ সামাল দিতে গিয়ে ব্যাংকগুলো যে টাকা রিজার্ভ (প্রভিশন) হিসেবে রাখার কথা, সেখানে দেখা গেছে বড় ঘাটতি। তারা এখন পর্যন্ত মাত্র ১ লাখ ৭০ হাজার কোটি টাকা প্রভিশন রাখতে পেরেছে, যা মোট অনাদায়ী ঋণের মাত্র ৩৮ শতাংশ। এই পরিমাণ খুবই অপ্রতুল এবং এটি ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ অবস্থাকে আরও স্পষ্ট করে।

    তবে সব ব্যাংকের পরিস্থিতি একরকম নয়। ২০২৫ সালের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্র অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এই সময় পর্যন্ত মোট ৩ লাখ ১৯ হাজার ৭০২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যার মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪০৬ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। অর্থাৎ এই খাতে খেলাপি ঋণের হার প্রায় ৪৫ দশমিক ৭৯ শতাংশ, যা অস্বাভাবিকভাবে বেশি।

    অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো মোট ১৩ লাখ ১০ হাজার ৩৮৪ কোটি টাকা ঋণ দিয়েছে, যার মধ্যে ২ লাখ ৬৪ হাজার ১৯৫ কোটি টাকা এখন খেলাপি অবস্থায় রয়েছে। এই খাতে খেলাপির হার ২০ দশমিক ১৬ শতাংশ।

    বিশেষায়িত ব্যাংকগুলো ঋণ দিয়েছে ৪৪ হাজার ৮৮৬ কোটি টাকা, যার মধ্যে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা খেলাপি হয়েছে—খেলাপির হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।
    এছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলো মার্চ পর্যন্ত মোট ৬৭ হাজার ১৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৩ হাজার ২৩৮ কোটি টাকা খেলাপি হয়েছে, যা মোট ঋণের ৪ দশমিক ৮৩ শতাংশ।

    এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে দেখিয়ে দেয়, ব্যাংক খাতের প্রতিটি পর্যায়েই খেলাপি ঋণ ক্রমাগত বেড়ে চলেছে। তবে সবচেয়ে নাজুক অবস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, যেখানে প্রায় অর্ধেক ঋণই অনিয়মিত বা অনাদায়ী অবস্থায় রয়েছে। পরিসংখ্যান বলছে, দেশে বিতরণকৃত প্রায় এক চতুর্থাংশ ঋণ এখন অনিয়মিত। এর ফলে শুধু ব্যাংক খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতি, শিল্প ও বিনিয়োগ কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুদ আদায়ের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে এবং উৎপাদন খাতে অর্থ সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে।

    রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতা স্পষ্ট রূপ ধারণ করেছে: বাংলাদেশের ব্যাংক খাতে ক্রমবর্ধমান অনিয়ম ও খেলাপি ঋণের পেছনে অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক প্রভাব। অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক ব্যক্তিদের সরাসরি সম্পৃক্ততা কিংবা তাদের ঘনিষ্ঠদের নিয়োগ এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। এই ব্যক্তি বা গোষ্ঠী বহু ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে নিয়মবহির্ভূতভাবে বড় অঙ্কের ঋণ অনুমোদন করিয়ে নেয়, যা পরবর্তীতে খেলাপিতে পরিণত হয়। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় একাধিকবার পরিচালকদের যোগ্যতা ও আচরণবিধি নিয়ে নির্দেশনা দিলেও বাস্তবে তা কার্যকরভাবে অনুসরণ হয়নি।

    এছাড়া নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বল তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহির অভাব এবং সময়মতো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ফলে অনিয়মকারীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে অডিট রিপোর্টে অসংগতি ধরা পড়লেও তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অন্যদিকে ঋণ আদায়ের আইনি প্রক্রিয়া অত্যন্ত ধীর, জটিল এবং ব্যয়বহুল, যার সুযোগ নিয়ে অনেক ঋণগ্রহীতা ইচ্ছাকৃতভাবে ঋণ ফেরত না দিয়ে পার পেয়ে যাচ্ছে।

    এই বাস্তবতায় ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, পরিচালনা পর্ষদে পেশাদারিত্ব নিশ্চিত করা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানো এখন সময়ের দাবি। না হলে অনিয়ম ও দুর্নীতির এই ধারাবাহিকতা গোটা অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে।

    টাকা পাচার ও জনগণের আস্থা সংকট: একদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লোকসান দিন দিন বাড়ছে, অন্যদিকে বহু ঋণগ্রহীতা দেশের অর্থ বিদেশে পাচার করছে, যা ব্যাংকিং খাতের গভীর সংকটকে আরও তীব্র করে তুলছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU -Bangladesh Financial Intelligence Unit) এর তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ৭ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যার একটি বড় অংশ এসেছে ব্যাংক খাত থেকে নেওয়া অনিয়মিত ঋণের অর্থ থেকে। এই ধরনের অর্থপাচার শুধু বৈধ ব্যাংকিং ব্যবস্থাকেই দুর্বল করে না, বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক অর্থনীতির ওপরও সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে।

    এমন বাস্তবতায় সাধারণ মানুষ ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা হারাতে শুরু করেছে। অনেক আমানতকারী এখন নিজেদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাঁদের মনে প্রশ্ন উঠছে, ব্যাংকে রাখা টাকা আদৌ নিরাপদ কি না। এই অনাস্থার প্রভাব পড়ছে সঞ্চয় ও বিনিয়োগ প্রবণতায়, যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে স্থবিরতা তৈরি করতে পারে। বিনিয়োগ কমে যাওয়ার ফলে উৎপাদন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির গতিও বাঁধাগ্রস্ত হচ্ছে।

    এই অবস্থায় অর্থপাচার রোধে কার্যকর নজরদারি, আইন প্রয়োগে কঠোরতা এবং দুর্নীতিবাজ ঋণগ্রহীতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ ছাড়া আস্থা পুনরুদ্ধারের আর কোনো পথ নেই।

    সমাধানের পথ কোথায়? বাংলাদেশের ব্যাংক খাতকে টিকিয়ে রাখতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

    প্রথমতঃ বাংলাদেশ ব্যাংককে আরও স্বাধীন, শক্তিশালী এবং দক্ষ প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। নিয়ন্ত্রণ ও নজরদারির ক্ষেত্রে তাদের সক্ষমতা বাড়ানো না গেলে দুর্নীতিবাজ গোষ্ঠীকে ঠেকানো সম্ভব নয়। বিশেষ করে মনিটরিং ও তদন্ত ইউনিটকে এমনভাবে ঢেলে সাজাতে হবে, যাতে তারা রাজনৈতিক চাপ উপেক্ষা করে নিরপেক্ষভাবে কাজ করতে পারে।

    দ্বিতীয়তঃ ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পরিচালনা পর্ষদে যারা থাকবেন, তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে চেয়ারম্যান বা পরিচালকদের ব্যক্তিগত সম্পর্ক কিংবা স্বজনপ্রীতির মাধ্যমে সুবিধাভোগীদের ঋণ অনুমোদনের সুযোগ যেন না থাকে, সে জন্য সুস্পষ্ট নীতিমালা তৈরি ও বাস্তবায়ন জরুরি।

    তৃতীয়তঃ ঋণ অনুমোদন, ব্যবস্থাপনা ও অডিট প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ পদ্ধতি চালু হলে মানুষনির্ভর সিদ্ধান্ত কমবে, ফলে অনিয়মও নিয়ন্ত্রণে আসবে।

    চতুর্থতঃ অর্থ পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় ব্যবস্থাকে আরও কার্যকর ও সক্রিয় করতে হবে। শুধু অভ্যন্তরীণ তদন্ত নয়, বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থার সঙ্গেও নিয়মিত সমন্বয় করতে হবে, যাতে পাচার হওয়া অর্থ শনাক্ত ও ফিরিয়ে আনা যায়।

    পরিশেষে খেলাপি ঋণের দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ অর্থনৈতিক আদালত বা ট্রাইব্যুনাল গঠনের কথা ভাবা যেতে পারে। দীর্ঘসূত্রতা ও আইনি জটিলতা কাটিয়ে স্বচ্ছ ও দ্রুত বিচার নিশ্চিত হলে ঋণখেলাপিদের সুরক্ষা বলয় ভেঙে পড়বে এবং পুরো ব্যবস্থায় আস্থা ফিরবে।

    বাংলাদেশের ব্যাংক খাত আজ গভীর এক আস্থার সংকটে আক্রান্ত। অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক প্রভাব এবং অর্থ পাচার সব মিলিয়ে এই খাতের ভিত দুর্বল হয়ে পড়েছে। একদিকে কোটি কোটি টাকা খেলাপি ঋণে হারিয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ তাঁদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত। অথচ দেশের অর্থনীতির হৃদস্পন্দন এই ব্যাংক ব্যবস্থায়।

    এই অবস্থায় শুধু কাগুজে নীতিমালা বা নির্দেশনা যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর প্রয়োগ, স্বচ্ছতা, জবাবদিহি এবং রাজনৈতিক সদিচ্ছা। যারা ব্যাংকিং খাতকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে জনগণের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংক ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং স্বচ্ছ পরিচালনার বিকল্প নেই। সময় এখনই, না হলে এই লোপাটের গল্প শুধু থামবে না, বরং দেশের অর্থনীতির ভবিষ্যৎকেই অন্ধকারে ঠেলে দেবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.