আগামী পাঁচ বছরে বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে কয়েক শ মিলিয়ন থেকে শুরু করে বিলিয়ন ডলার পর্যন্ত বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি আশিক চৌধুরী নামেও পরিচিত।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে বিশ্বে সেমিকন্ডাক্টর বাজারের আকার ৬০০ বিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে এই বাজার এক ট্রিলিয়নে পৌঁছাবে। অথচ বাংলাদেশ এখনো বছরে মাত্র ৬ মিলিয়ন ডলার রাজস্ব পায়, যা এই সম্ভাবনাময় খাতের তুলনায় অত্যন্ত নগণ্য।
বাংলাদেশে এই খাতে অনেক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশের তরুণরা ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর খাতে আন্তর্জাতিকভাবে কাজ করছে। যদি সরকার সহযোগিতা করে, তাহলে এই খাত বিলিয়ন ডলারে পৌঁছাতে বেশি সময় লাগবে না।”
তবে চিপ উৎপাদন বা ফ্যাব্রিকেশন প্রযুক্তিনির্ভর ও ব্যয়বহুল হওয়ায় আপাতত সেই পথে না গিয়ে চিপ ডিজাইন, টেস্টিং ও প্যাকেজিংয়ের মতো তুলনামূলক সহজ এবং সম্ভাবনাময় খাতে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স। একই দিন এই সুপারিশগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
টাস্কফোর্সের আহ্বায়ক আশিক চৌধুরী জানান, ‘দক্ষতা উন্নয়ন, নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব—এই তিন স্তম্ভের ওপর ভিত্তি করে একটি ধাপভিত্তিক রোডম্যাপ তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিজাইন ও টেস্টিং খাতকে গুরুত্ব দেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত।
২০২৭ সালের মধ্যে অন্তত পাঁচটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ল্যাব স্থাপনের সুপারিশও করা হয়েছে। এ ছাড়া প্যাকেজিং ও টেস্টিং যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে রোটেশনভিত্তিক প্রশিক্ষণ চালুর প্রস্তাব রয়েছে।
মানবসম্পদ উন্নয়নের কথা বলতে গিয়ে আশিক চৌধুরী বলেন, “জাতীয় পর্যায়ে হ্যাকাথন, ইনোভেশন চ্যালেঞ্জ এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্যাম্পেইন চালানো হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোকে সময়োপযোগী কোর্স চালুর আহ্বান জানানো হয়েছে। যেমন—প্রসেসর ডিজাইন, এআই অ্যাকসেলারেটর, সিগন্যাল প্রসেসিং ইত্যাদি।”
তিনি আরও জানান, নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিকন্ডাক্টর খাতে এমএসসি, পিএইচডি ও পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
টাস্কফোর্সের সুপারিশ অনুযায়ী, গবেষণা, অ্যাসেম্বলি ও প্যাকেজিং ইউনিটের জন্য নির্দিষ্ট শর্তে ১০ বছরের করছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বা আইসিটি বিভাগের অধীনে একটি ‘সেমিকন্ডাক্টর ফান্ড’ গঠনের প্রস্তাবও এসেছে।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিডার পরিচালিত জাতীয় এফডিআই হিটম্যাপে সেমিকন্ডাক্টরকে অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

