বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন এক উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর মতিঝিলে আয়োজিত এক নেটওয়ার্কিং সভায় মুখোমুখি হন দুই দেশের শিল্পপতিরা, যেখানে আলোচনায় উঠে আসে ওষুধ, ইলেক্ট্রনিকস, সার্জিক্যাল সামগ্রী, টেক্সটাইল ও ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ খাতের বিপুল সম্ভাবনা।
এ গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সভাপতিত্ব করেন সংগঠনের প্রশাসক হাফিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর, এবং আন্তর্জাতিক বিষয়ক প্রধান জাফর ইকবাল এনডিসি।
সভায় বক্তারা বলেন, ইলেক্ট্রনিকস ও মোটর পার্টস খাত যেমন ভবিষ্যৎমুখী, তেমনি ওষুধ, সার্জিক্যাল সরঞ্জাম ও টেক্সটাইল খাতও যৌথ উদ্যোগে ব্যবসার মাধ্যমে দুই দেশকেই লাভবান করতে পারে।
হাফিজুর রহমান বলেন, “এই খাতগুলোতে যদি দুই দেশের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করে, তাহলে শুধু বাণিজ্যই নয়, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগও তৈরি হবে।”
সভায় জানানো হয়, বাংলাদেশের এফবিসিসিআই এবং পাকিস্তানের এফপিসিসিআই (Federation of Pakistan Chambers of Commerce & Industry) যৌথভাবে কাজ করবে, যাতে নিয়মিত দ্বিপাক্ষিক সভা, ব্যবসা মেলা ও বিনিয়োগ ফোরাম আয়োজন করা যায়।
পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, “বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হলে বিনিয়োগ ও শিল্পায়নে নতুন মাত্রা যোগ হবে। এই ধরনের নেটওয়ার্কিং সভা আগামীতেও চলবে।”
সভায় দুই দেশের উদ্যোক্তারা একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মতে, সীমিত যোগাযোগ ও ভুল বোঝাবুঝির কারণে যেসব খাতে এতদিন পর্যন্ত সম্ভাবনা কাজে লাগানো যায়নি, তা এখন যৌথ উদ্যোগে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

